২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজা জ্ঞানেন্দ্রর সম্পদের হিসাব সংগ্রহ করছে সরকার

নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রর সম্পদের হিসাব সংগ্রহ করা শুরু করেছে নেপাল সরকারের একটি প্যানেল। আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলোপ হওয়ার দুই দিন বাদে শুক্রবার এ কাজ শুরু করা হয়েছে। শনিবার নেপাল সরকারের এক শীর্ষ মন্ত্রী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 07:17 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

কাঠমান্ডু, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রর সম্পদের হিসাব সংগ্রহ করা শুরু করেছে নেপাল সরকারের একটি প্যানেল। আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলোপ হওয়ার দুই দিন বাদে শুক্রবার এ কাজ শুরু করা হয়েছে। শনিবার নেপাল সরকারের এক শীর্ষ মন্ত্রী একথা জানিয়েছেন। নেপালে নবগঠিত গণপরিষদ গত বুধবার প্রথম অধিবেশনেই নেপালকে একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেয়। একইসঙ্গে রাজা জ্ঞানেন্দ্রকে ১৫ দিনের মধ্যে নারায়ণহিতি রাজপ্রাসাদ ছেড়ে দেওয়ারও নির্দেশ দেয় গণপরিষদ। সরকার জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুর কেন্দ্রস্থলে অবস্থিত রাজপ্রাসাদটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হবে। নেপালি গণমাধ্যম সূত্রে জানা গেছে, নারায়ণহিতি রাজপ্রাসাদে অনেক বিরল শিল্পকর্ম, মূর্তি, ঐতিহাসিক দলিল এবং মূল্যবান গহনা ও মুদ্রা রয়েছে। শনিবার নেপালের শান্তি ও পুনর্গঠন বিষয়ক মন্ত্রী রাম চন্দ্র পোড়েল বলেন, "এখনো পর্যন্ত প্রাসাদটি জনসাধারণের জন্য বন্ধ থাকায় সেখানে কি কি জিনিস আছে সে সম্পর্কে আসলেই কেউ কিছু জানে না।" একইসঙ্গে পোড়েল জানান, "প্রাসাদের সব জিনিস তালিকাভূক্ত করা হবে। যাতে তা জাদুঘরে প্রদর্শন করা যায়।" উল্লেখ্য, ২০০৬ সালের রাজতন্ত্রবিরোধী তুমুল আন্দোলনের পর থেকে নেপাল সরকার রাজা জ্ঞানেন্দ্রর মালিকানাধীন হাজার হাজার হেক্টর জমি এবং এক ডজনেরও বেশি প্রাসাদের মালিকানা নিয়ে নিয়েছে। রাজতন্ত্র বিলোপের বিষয়টি ছিল দুই বছর আগে ২০০৬ সালে নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির অন্যতম শর্ত। ওই শান্তি চুক্তির মাধ্যমে নেপালে মাওবাদীদের সঙ্গে সরকারের এক দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩১০ ঘ.