ইউজিয়ান, চীন, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের ভূমিকম্প বিধ্বস্ত সিচুয়ান প্রদেশে থেকে ১ লাখ ৯০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে। ভূমিকম্পের ফলে বিভিন্ন নদীর গতিপথ আটকে গিয়ে সৃষ্ট হৃদ উপচে পড়ে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কার কারণে ওইসব এলাকার লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শনিবার একথা জানিয়েছে।
মিয়াংইয়াং এর ইউজিয়ানে পুলিশ লাউডস্পিকার দিয়ে ডেকে ডেকে মানুষকে শহর ছেড়ে যাওয়ার জন্য বলছে। পুলিশ লাউডস্পিকারে "খালি কর" "খালি কর" বলে সারা শহরের লোকজনকে আহ্বান জানাচ্ছে।
সারা শহর লোকজন শূন্য হয়ে গেছে। কর্মকর্তারা সাময়িকভাবে অন্যত্র আশ্রয় নেয়ার জন্য মালপত্র গোছগাছ করছে।
চীনের ওই প্রলয়ঙ্করী ভূমিকম্পে ভূমিধ্বসের ফলে ফলে ৩০ টিরও বেশি নদীতে বাঁধের সৃষ্টি হযেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এছাড়াও ইউজিয়ান প্রদেশের বাসিন্দাদের শহরের চারপাশে পাহাড়ি উচু জায়গায় গিয়ে আশ্রয় নিতে বলা হচ্ছে। ভূমিধ্বসের ফলে নদীতে বাঁধ পড়ে যেসব জায়গায় পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে শত শত সেনা সেই সব স্থানে নালা এবং খাল কেটে পানির উপচে পড়া প্রতিরোধের চেষ্টা করছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, "আমরা জানিনা তাদের কত দিন ওপরে থাকতে হবে। এটা নির্ভর করে বাঁধের পরিস্থিতির ওপর।"
চীনের সরকারি হিসেব অনুযায়ী ১২ মে'র ওই ভূমিকম্পে প্রায় ৬৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা এখনও ১৮ হাজার ৬১৮ জন নিখোঁজ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২২৩ ঘ.
bdnews24