২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল প্রজাতন্ত্রে দুই দিনের সরকারি ছুটি

অবশেষে হিমালয়কন্যা নেপালের ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান হয়েছে। নবনির্বাচিত ৬০১ সদস্য বিশিষ্ট গণপরিষদের বুধবারের প্রথম অধিবেশনেই আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্তির এ ঘোষণা এসেছে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল পরিণত হল প্রজাতান্ত্রিক রাষ্ট্রে। এদিকে, সরকার প্রজাতন্ত্র ঘোষণাকে উদযাপন করার জন্য বৃহস্পতিবার থেকে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 06:33 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

কাঠমান্ডু, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে হিমালয়কন্যা নেপালের ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান হয়েছে। নবনির্বাচিত ৬০১ সদস্য বিশিষ্ট গণপরিষদের বুধবারের প্রথম অধিবেশনেই আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্তির এ ঘোষণা এসেছে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল পরিণত হল প্রজাতান্ত্রিক রাষ্ট্রে। এদিকে, সরকার প্রজাতন্ত্র ঘোষণাকে উদযাপন করার জন্য বৃহস্পতিবার থেকে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ২০০৬ সালে নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা। ওই শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান হয়। বুধবার রাতে নেপালের গণপরিষদের প্রথম অধিবেশনে রাজতন্ত্রের বিলুপ্তির ওপর ভোট হয়। অধিবেশনে উপস্থিত ৫৬৪ জন সদস্যের মধ্যে ৫৬০ জন রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে এবং মাত্র চারজন রাজতন্ত্রের পক্ষে ভোট দেন। গণপরিষদে রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজপথে থাকা হাজার হাজার নেপালি উল্লাসে ফেঁটে পড়েন। তারা বিভিন্ন দলের পতাকা নাড়িয়ে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় তাদেরকে "স্বাগতম প্রজাতন্ত্র" বলে স্লোগান দিতে দেখা যায়। রাজতন্ত্র বিলুপ্তির ঐতিহাসিক এ দিন উপলক্ষে বুধবার সকাল থেকেই হাজার হাজার মাওবাদীসহ অন্যান্য দলের কর্মী-সমর্থক রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন রাস্তায় সমাবেত হয়। বুধবার রাতে গণপরিষদ রাজা জ্ঞানেন্দ্রকে রাজধানী কাঠামান্ডুতে অবস্থিত নারায়ণহিতি প্রাসাদ ১৫ দিনের মধ্যে খালি করে দেওয়ারও নির্দেশ দিয়েছে। এ বিষয়ে নেপালের শান্তি ও পুনর্গঠন বিষয়ক মন্ত্রী রাম চন্দ্র পোড়েল বলেন, "রাজাকে প্রাসাদ ত্যাগ করার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে এবং তার যাওয়ার পর প্রাসাদকে ঐতিহাসিক জাদুঘরে রূপান্তরিত করা হবে।" নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা গণপরিষদের ভাষণে বলেন, "আজ আমার স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার দিন। হয়তো আমার মতো গোটা জাতির স্বপ্ন পূরণের দিনও আজ।" নেপাল গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করায় নেপালি মুদ্রার ওপর এখন আর রাজা জ্ঞানেন্দ্রর ছবি থাকবে না। এছাড়া নেপালের জাতীয় সঙ্গীত থেকেও বাদ দেওয়া হবে তার নাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২২৬ ঘ.