লন্ডন, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব মানবাধিকার সনদ গ্রহণের পর ছয় দশক পেরিয়ে গেলেও মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছেন বিশ্ব নেতারা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে একথা বলেছে।
অ্যামনেস্টি তাদের প্রতিবেনে জানিয়েছে, বিশ্বব্যাপী ৮১টি দেশে এখনো অত্যাচার নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এছাড়া ৫৪টি দেশে মানুষ অবিচারের শিকার এবং কমপক্ষে ৭৭টি দেশে নাগরিকদের বাক স্বাধীনতা নেই।
১৯৪৮ সালে সর্বসম্মতিক্রমে বিশ্ব মানবাধিকার সনদ গ্রহণের পর গত ছয় দশকে মানবাধিকার রক্ষায় ব্যর্থতার জন্য বিশ্ব নেতাদের ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছে অ্যামনেস্টি।
বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর অ্যামনেস্টি মহাসচিব আইরিন খান এক সাক্ষাৎকারে জানান, এশিয়া থেকে আমেরিকা হয়ে আফ্রিকা পর্যন্ত দেশগুলো মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্র"তি রাখেনি। এই সমস্ত দেশগুলোর মানুষ দিনে দিনে অধৈর্য হয়ে পড়ছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। বর্তমানে ইরাক, দারফুর, জিম্বাবুয়ে, মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনের সংঘাত এর জ্বলজ্যান্ত উদারহরণ। সরকারের উচিৎ পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া।"
তিনি জানান, বিশ্ব নেতৃত্ব দাবি করতে হলে চীনকে তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করতে হবে। যারা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানায় সেই যুক্তরাষ্ট্রের উচিৎ আগে নিজেদের হাত পরিস্কার করা। মিয়ানমারকে তাদের কর্মকাণ্ড অবশ্যই বিশ্বকে জানতে দিতে হবে। আফ্রিকার নেতাদের উচিৎ দায়িত্বশীল হওয়া।
অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার পর মানবাধিকার বিষয়ে উন্নতির প্রতিশ্র"তি দিলেও চীন তা রক্ষায় ব্যর্থ হয়েছে জানিয়ে আইরিন খান বলেন, তারপরও অলিম্পিকের মধ্যদিয়ে তাদের উচিৎ নিজেদের পরিবর্তিত করা।
তিনি বলেন, "এটা খুবই গুরুত্বপূর্ণ যে চীন বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। এ কারণে তাদের উচিৎ বৈশ্বিক আদর্শ রক্ষা করা। দেশে ও দেশের বাইরে মানবাধিকার সমুন্নত রাখা।"
তিনি আরও বলেন, "দারফুরের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন তাদের অবস্থান পরিবর্তন করেছে। মিয়ানমার সরকারের ওপর তারা চাপ বাড়িয়েছে। কাজেই তাদের জন্য সুযোগ এসেছে নিজের সীমানার মধ্যে মানবাধিকার বিষয়ে ইতিবাচক পরিবর্তনের বিষয়টি তুলে ধরার জন্য অলিম্পিককে ব্যবহার করা।"
১৯৮৪ সলের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সকল সদস্য দেশের সম্মতিতে বিশ্ব মানবাধিকার প্রস্তাব গৃহীত হয়।
আইরিন খান বলেন, "দুঃখজনক হলেও সত্য যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মতো শক্তিশালী রাষ্ট্রগুলো বিশ্বব্যাপী সরকারগুলোর জন্য আচরণের নিয়ম তৈরি করে দেয়। কিন্তু সেগুলো তারা নিজেরাই পালন করতে ভুলে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24