২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজতন্ত্র বিলুপ্তির জন্য প্রস্তুত নেপাল

রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তির মধ্য দিয়ে প্রজাতন্ত্রে পরিণত হতে চলেছে নেপাল। এপ্রিলের নির্বাচনে গঠিত নেপালের ৬০১ সদস্য বিশিষ্ট গণপরিষদের বুধবারের প্রথম অধিবেশনেই রাজতন্ত্র বিলুপ্তির বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 05:25 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

কাঠমান্ডু, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তির মধ্য দিয়ে প্রজাতন্ত্রে পরিণত হতে চলেছে নেপাল। এপ্রিলের নির্বাচনে গঠিত নেপালের ৬০১ সদস্য বিশিষ্ট গণপরিষদের বুধবারের প্রথম অধিবেশনেই রাজতন্ত্র বিলুপ্তির বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, রাজতন্ত্রপন্থিদের বিরোধিতা সত্ত্বেও গণপরিষদের এ ভোটে নেপালের ২৩৯ বছরের রাজতন্ত্র বিলুপ্তির বিষয়টি অনুমোদিত হবে। এর অন্যতম কারণ গণপরিষদের সবচেয়ে বেশি আসন রয়েছে রাজতন্ত্রের কট্টর বিরোধী মাওবাদীদের। প্রসঙ্গত, ২০০৬ সালে নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা। ওই শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান হয়। ১৯৯৬ সালে শুরু হওয়া দশকব্যাপী সহিংসতার কথা উল্লেখ করে মাওবাদী নেতা প্রচন্ড বুধবার বলেছেন, "এটি একটি নবযুগের সূচনাকারী ঘটনা। যা নেপালি জনগণের দীর্ঘ সংগ্রামের পর সম্ভব হয়েছে।" প্রচন্ড আরও বলেন, "প্রথমবারের মতো নেপাল প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হতে যাচ্ছে। এটা কোনো সাধারণ বিষয় নয়।" গণপরিষদে ঐতিহাসিক এ ভোটের আগের দিন মঙ্গলবার রাজা জ্ঞানেন্দ্রকে রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তির পর রাজপ্রাসাদ ছাড়া নিয়ে গড়িমসি করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে নেপাল সরকার। এ বিষয়ে দেশটির শান্তি ও পুনর্গঠন বিষয়ক মন্ত্রী রাম চন্দ্র পোড়েল জ্ঞানেন্দ্রর ব্যক্তিগত বাসভবনের কথা উল্লেখ করে বলেন, "রাজাকে অবশ্যই অবিলম্বে প্রাসাদ ছেড়ে 'নির্মল নিবাস' এ চলে যেতে হবে।" তিনি বলেন, "তিনি প্রাসাদ না ছাড়লে সরকার শক্তি প্রয়োগ করে তা ফাঁকা করবে। আর সেটি তার জন্য ভাল হবে না।" নেপাল সরকারের এ বক্তব্য সম্পর্কে রাজপ্রাসাদ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। অবশ্য, অনেক নেপালি মনে করছেন, গণপরিষদে রাজতন্ত্র বিলোপ সংক্রান্ত ভোটের পরপরই রাজা জ্ঞানেন্দ্র নীরবে প্রাসাদ ছেড়ে যাবেন। ২০০১ সালে রাজ সিংহাসনে আরহণের পর থেকে জ্ঞানেন্দ্র নেপালের রাজধানী কাঠমান্ডুর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত নারায়নহিতি রাজপ্রাসাদে বসবাস করছেন। বুধবার নেপালের গণপরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য দুই দিন আগে থেকেই রাজধানী কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সব ধরনের বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে কাঠমান্ডুতে অবস্থিত নারায়নহিতি রাজপ্রাসাদ ও তার চারপাশ, রাজা জ্ঞানেন্দ্রর ব্যক্তিগত বাসভবন ও তার চারপাশ, গণপরিষদের অধিবেশন স্থলের সামনের এলাকা এবং নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনসহ রাজধানীর কৌশলগত এলাকাগুলো। যদিও নেপালের রাজতন্ত্র উচ্ছেদের আন্দোলনে নেতৃত্বদানকারী সাবেক মাওবাদী গেরিলারা এবং অন্যান্য প্রধান প্রধান রাজনৈতিক দল জানিয়েছে, রাজতন্ত্রের বিলুপ্তি উদযাপন করতে বুধবার তারা রাজপথে নামবে। রোববার মাওবাদী নেতা দীননাথ শর্মা বলেন, "আমরা নেপালের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছি।" একইসঙ্গে তিনি বলেন, "আমরা আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলোপের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। কেননা এটা একটা ঐতিহাসিক দিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/১১৪৯ ঘ.