২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজা জ্ঞানেন্দ্রকে প্রাসাদ ছাড়ার হুঁশিয়ারি নেপাল সরকারের

নেপালের ২৩৯ বছরের রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তির পর রাজা জ্ঞানেন্দ্র স্বেচ্ছায় রাজপ্রাসাদ ছাড়তে অস্বীকৃতি জানালে তাকে সেখান থেকে জোর করে বের করে দেওয়া হবে। মঙ্গলবার জ্ঞানেন্দ্রকে এমনই হুঁশিয়ারি দিয়েছে নেপাল সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

কাঠমান্ডু, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের ২৩৯ বছরের রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তির পর রাজা জ্ঞানেন্দ্র স্বেচ্ছায় রাজপ্রাসাদ ছাড়তে অস্বীকৃতি জানালে তাকে সেখান থেকে জোর করে বের করে দেওয়া হবে। মঙ্গলবার জ্ঞানেন্দ্রকে এমনই হুঁশিয়ারি দিয়েছে নেপাল সরকার। নেপালে গত এপ্রিল মাসের নির্বাচনে গঠিত গণপরিষদের প্রথম অধিবেশন বসার কথা বুধবার। ওই অধিবেশনে নেপালের রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা হতে পারে। ওদিকে, রাজতন্ত্রের সমর্থকরা বলছেন, চটজলদি রাজতন্ত্রের বিলোপের সিদ্ধান্ত নেয়া উচিৎ হবে না। প্রসঙ্গত, ২০০৬ সালে নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করা। ওই শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশকের গৃহযুদ্ধের অবসান হয়। মঙ্গলবার নেপালের শান্তি ও পুনর্গঠন বিষয়ক মন্ত্রী রাম চন্দ্র পোড়েল রাজা জ্ঞানেন্দ্রর ব্যক্তিগত বাসভবনের কথা উল্লেখ করে বলেন, "রাজাকে অবশ্যই অবিলম্বে প্রাসাদ ছেড়ে 'নির্মল নিবাস' এ চলে যেতে হবে।" তিনি বলেন, "তিনি প্রাসাদ না ছাড়লে সরকার শক্তি প্রয়োগ করে তা ফাঁকা করবে। আর সেটি তার জন্য ভাল হবে না।" নেপাল সরকারের এ বক্তব্য সম্পর্কে রাজপ্রাসাদ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। অবশ্য, অনেক নেপালি মনে করছেন, গণপরিষদে রাজতন্ত্র বিলোপ সংক্রান্ত ভোটের পর রাজা জ্ঞানেন্দ্র নীরবে প্রাসাদ ছেড়ে যাবেন। উল্লেখ্য, ২০০১ সালে রাজ সিংহাসনে আরহণের পর থেকে জ্ঞানেন্দ্র নেপালের রাজধানী কাঠমান্ডুর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত নারায়নহিতি রাজপ্রাসাদে বসবাস করছেন। তবে জ্ঞানেন্দ্র তার পরিকল্পনা সম্পর্কে এখনও কোনো বিবৃতি দেননি। এর আগে গত রোববার থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সব ধরনের বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে কাঠমান্ডুতে অবস্থিত নারায়নহিতি রাজপ্রাসাদ ও তার চারপাশ, রাজা জ্ঞানেন্দ্রর ব্যক্তিগত বাসভবন ও তার চারপাশ, গণপরিষদের অধিবেশন স্থলের সামনের এলাকা এবং নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনসহ রাজধানীর কৌশলগত এলাকাগুলো। ধারণা করা হচ্ছে, বুধবার নেপালের গণপরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য দুই দিন আগেই এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। যদিও নেপালের রাজতন্ত্র উচ্ছেদের আন্দোলনে নেতৃত্বদানকারী সাবেক মাওবাদী গেরিলারা এবং অন্যান্য প্রধান প্রধান রাজনৈতিক দল জানিয়েছে, রাজতন্ত্রের বিলুপ্তি উদযাপন করতে বুধবার তারা রাজপথে নামবে। রোববার মাওবাদী নেতা দীননাথ শর্মা বলেন, "আমরা নেপালের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছি।" একইসঙ্গে তিনি বলেন, "আমরা আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলোপের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। কেননা এটা একটা ঐতিহাসিক দিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৬ ঘ.