প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মঙ্গল গ্রহের উত্তর মেরুতে সফলভাবে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান ফিনিক্স। রোববার গ্রিনিচ সময় ২৩৫৩ ঘণ্টায় মহাকাশযানটি মঙ্গলগ্রহে অবতরণের নিশ্চিত খবর পাওয়া গেছে। গ্রহটির পানির অস্তিত্ব খুঁজতে এবং সেখানে জীবন ধারণের প্রয়োজনীয় অবস্থা মূল্যায়ন করতেই এ মহাকাশযান পাঠানো হয়েছে। নাসার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ফিনিক্স নামের এই মার্কিন মহাকাশযানটিই প্রথম কোনো মহাকাশযান হিসেবে কোনো গ্রহের মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করল।
১০ মাস আগে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এ মহাকাশযানটি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। আর পৃথিবী থেকে প্রায় ৬ লাখ ৭৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে সফলভাবে এটি মঙ্গল গ্রহে অবতরণ করল। অবতরণের পর সোমবার সকালেই মহাকাশযানটি মঙ্গল গ্রহের বেশ কয়েকটি ছবি পাঠিয়েছে।
নাসা'র প্রধান মহাকাশ বিজ্ঞানী এড ওয়েইলার এ অভিযান সম্পর্কে বলেন, "আগের দুইটি মঙ্গল অভিযানের চেয়ে এটা অনেক বেশি দুঃসাধ্য ছিল।"
২০০২ সালে বিজ্ঞানীরা মঙ্গলের মেরু অঞ্চলে মাটির নীচে বরফজমা পানির সন্ধান পায়। এই পানির নমুনা সংগ্রহ এবং জীবনের জন্য অন্যান্য প্রয়োজনীয় উপাদানের খোঁজে ২০০৭ সালের আগস্টে ফিনিক্সকে মঙ্গলে পাঠানো হয়।
এর আগে ১৯৯৯ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গলের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণের চেষ্টা চালায়। কিন্তু মিশনের একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে সমস্যা দেখা দেওয়ায় তা আর সফল হয়নি। এর পরের মহাকাশযানের মিশনও বাতিল করে নাসা। তবে 'স্পিরিট' এবং 'অপরচুনিটি' কে পানির সন্ধানের জন্য মঙ্গলে পাঠাতে সক্ষম হয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩৪৯ ঘ.
bdnews24