২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সঙ্গে পাকিস্তানের আলোচনায় আফগানিস্তানে হামলা বেড়ছে: ন্যাটো

পাকিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার ফলে আফগানিস্তানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে রোববার অভিযোগ করেছে ন্যাটো। নিজ দেশে জঙ্গি হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি এলাকা তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

কাবুল, পাকিস্তান, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে তালেবান জঙ্গিদের সঙ্গে সরকারের শান্তি আলোচনার ফলে আফগানিস্তানে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে রোববার অভিযোগ করেছে ন্যাটো। নিজ দেশে জঙ্গি হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি এলাকা তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণাধীন। তবে পাকিস্তানের তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহসুদ গত শনিবার জানিয়েছেন, সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যে ফলই হোক না কেনো তারা আফগানিস্তানে জিহাদ চালিয়ে যাবেন। আফগানিস্তানে ন্যাটোর বেসামরিক মুখপাত্র মার্ক লেইটি রোববার কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা দেখতি পাচ্ছি দেশের পূর্বাঞ্চলে সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানে সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনা ও সীমান্ত এলাকায় পাকিস্তান বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় এমনটি হচ্ছে বলে আমরা মনে করি।" তিনি আরও বলেন, "পাকিস্তানের স্বার্বভৌমত্বের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই। তবে তাদেরও এমন কোনো চুক্তি করা উচিৎ হবে না যার ফলে আফগানিস্তানে সহিংসতা বেড়ে যায়।" আফগানিস্তান সফররত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউন জানিয়েছেন, পাকিস্তানে তালেবানদের সঙ্গে শান্তি চুক্তির বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। এতে জঙ্গিদের আফগানিস্তানে সহিংসতা বন্ধের বিষয়েও বলা হয়েছে। তিনি বলেন, "এখন পাকিস্তান সরকারের কর্তব্য চুক্তির শর্ত পুরোপুরি কার্যকর করা। সীমান্তের ওপার থেকে আফগানিস্তানে জঙ্গিদের তৎপরতা বন্ধ করা খুবই কঠিন। তবে এটা তাদেরই দায়িত্ব।" পাকিস্তানের তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহসুদ গত শনিবার পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টা সত্ত্বেও আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানে নিজের ঘাঁটিতে আমন্ত্রিত সাংবাদিকদের মেহসুদ জানান, তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে চান না। তিনি বলেন, "পাকিস্তানী বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘাত ইসলাম ও পাকিস্তানের ক্ষতি করছে। খুব শিগগির এই সংঘাত বন্ধ হবে।" তবে আফগানিস্তানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো মন্তব্য না করে মেহসুদ জানান, এই জিহাদ চলবে। তিনি বলেন, "সীমানাগত বাধা ইসলাম অনুমোদন করে না। আফগানিস্তানে জিহাদ চলবে।" এর আগে গত বুধবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান সরকার। চুক্তিতে সরকার প্রতিশ্র"তি দিয়েছে সোয়াত উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করা হবে। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা আলোচনা জঙ্গিদের হামলার সুযোগ করে দেবে বলে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সতর্ক করে দেওয়ার একদিন পর পাকিস্তান জঙ্গিদের সঙ্গে এই চুক্তি করে। শান্তি চুক্তিতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কর্তৃপক্ষ ওই অঞ্চলে ইসলামিক শরিয়া আইন কার্যকর করতে রজি হয়েছে। বিনিময়ে জঙ্গিনেতা ফয়জুল্লাহও হামলা বন্ধ, মেয়েদের স্কুলে যেতে দেওয়া ও প্রকাশ্যে অস্ত্রবহন বন্ধে রাজি হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩০ ঘ.