কোটকাই, পাকিস্তান, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টা সত্ত্বেও আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহসুদ।
শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানে নিজের ঘাঁটিতে আমন্ত্রিত সাংবাদিকদের মেহসুদ জানিয়েছেন, তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে চান না।
তিনি বলেন, "পাকিস্তানী বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘাত ইসলাম ও পাকিস্তানের ক্ষতি করছে। খুব শিগগির এই সংঘাত বন্ধ হবে।"
তবে আফগানিস্তানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো মন্তব্য না করে মেহসুদ জানান, এই জিহাদ চলবে।
তিনি বলেন, "সীমানাগত বাধা ইসলাম অনুমোদন করে না। আফগানিস্তানে জিহাদ চলবে।" এ সময় তার চারপাশে পাহারায় ছিল একে-৪৭ রাইফেলধারী অনুগতরা।
এর আগে গত বুধবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের সঙ্গে এক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান সরকার। চুক্তিতে সরকার প্রতিশ্র"তি দিয়েছে সোয়াত উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করা হবে।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা আলোচনা জঙ্গিদের হামলার সুযোগ করে দেবে বলে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সতর্ক করে দেওয়ার একদিন পর পাকিস্তান জঙ্গিদের সঙ্গে এই চুক্তি করে।
শান্তি চুক্তিতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কর্তৃপক্ষ ওই অঞ্চলে ইসলামিক শরিয়া আইন কার্যকর করতে রজি হয়েছে। বিনিময়ে জঙ্গিনেতা ফয়জুল্লাহও হামলা বন্ধ, মেয়েদের স্কুলে যেতে দেওয়া ও প্রকাশ্যে অস্ত্রবহন বন্ধে রাজি হয়েছেন।
পাকিস্তানের নবনির্বাচিত সরকারের সঙ্গে বিদ্রোহীদের এ ধরনের সম্ভাব্য চুক্তির বিষয়ে গত মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বুশ প্রশাসন মনে করছে পাকিস্তান সরকারের সঙ্গে বিদ্রোহীদের কোনো ধরনের চুক্তির ফলে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা বিদ্রোহীদের অবাধ বিচরণক্ষেত্রে সৃষ্টি হবে।
আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন আগ্রাসনের পর অনেক তালেবান এবং আল কায়েদা নেতা পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্থানে আশ্রয় নিয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।
ওয়াজিরিস্তান অঞ্চলে সরকারের প্রতিনিধি ও আদিবাসী গোষ্ঠীপতিদের সহায়তায় শাসিত অঞ্চল বা 'ফেডারেলি এডমিনিসটার্ড ট্রাইবাল এরিয়া' - এফএটিএ তে ওই সব আল কায়েদা ও তালেবান যোদ্ধারা অবস্থান নিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
ধারণা করা হচ্ছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার মূল হোতা ওসামা বিন লাদেন পাকিস্তান-আফগান সীমান্তের কোথাও লুকিয়ে আছেন।
এর আগে ২০০৬ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বিদ্রোহীদের ছেড়ে দেওয়ার বিষয়ে একটা চুক্তি করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪০ ঘ.
bdnews24