২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন জিম্বাবুয়ের বিরোধীনেতা স্যাঙ্গেরাই

প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে শনিবার দেশে ফিরেছেন জিম্বাবুয়ের বিরোধীনেতা মর্গান স্যাঙ্গেরাই। গত ২৭ মার্চের বিতর্কিত নির্বাচনের পর ৮ এপ্রিল থেকে নিরাপত্তার কারণে দেশের বাইরে ছিলেন মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই। দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে এক সপ্তাহ আগে গত শনিবার তার দেশে ফেরার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

হারারে, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে শনিবার দেশে ফিরেছেন জিম্বাবুয়ের বিরোধীনেতা মর্গান স্যাঙ্গেরাই। গত ২৭ মার্চের বিতর্কিত নির্বাচনের পর ৮ এপ্রিল থেকে নিরাপত্তার কারণে দেশের বাইরে ছিলেন মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই। দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে এক সপ্তাহ আগে গত শনিবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু জিম্বাবুয়ের সেনাবাহিনী তাকে হত্যার চক্রান্ত করছে এই অভিযোগ তুলে ঐদিন তার দেশে ফেরা বাতিল করে এমডিসি। সাউথ আফ্রিকান এয়ারওয়েজের একটি বিমানে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় হারারে বিমানবন্দরে অবতরণ করেন মর্গান স্যাঙ্গেরাই । এ সময় তাকে বেশ হাসিখুশি ও স্বাভাবিক দেখাচ্ছিল। তবে তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। গাড়িবহর নিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন। এমডিসি গত সোমবার অভিযোগ করে, সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের নেতা স্যাঙ্গেরাইকে হত্যার ষড়যন্ত্র করছে। এ কারণে স্যাঙ্গেরাইয়ের দেশা ফেরা স্থগিত করা হয়েছে। তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার জানায়, এ ধরণের কোনো ষড়যন্ত্রের বিষয়ে তারা অবগত নয়। সরকার এই অভিযোগকে বিরোধীদলের প্রপাগান্ডা বলে অভিহিত করেছে। গত সোমবার নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে এমডিসি'র মহাসচিব তেন্দাই বিটি বলেন, "আমরা জানতে পেরেছি ১৮ জন গুপ্তচর আমাদের নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে। আর সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তাদের পরিচালনা করছে।" বিরোধীদলের এই অভিযোগ সম্পর্কে উপ-তথ্যমন্ত্রী ব্রাইট মাতঙ্গা রয়টার্সকে বলেন, "কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের বিষয়ে আমরা অবগত নই। কিন্তু আমরা নিশ্চিত স্যাঙ্গেরাই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার পাওয়ার জন্য এতসব বলছেন।" এমডিসি অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট মুগাবে ও তার দল জানু-পিএফ পার্টি ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। এমডিসির দাবি, গত ২৯ মার্চের নির্বাচনে তাদের নেতা স্যাঙ্গেরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কাজেই দ্বিতীয় দফায় নির্বাচনের কোনো প্রয়োজন নেই। নির্বাচনের দীর্ঘদিন পর নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী স্যাঙ্গেরাই পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট এবং মুগাবে পান ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ ঘ.