২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আরও মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি রাইসের

ইরান পরমাণু কর্মসূচি এবং সন্ত্রাসে মদদদান অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র আগ্রাসীভাবে তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 07:44 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ক্যালিফোর্নিয়া, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান পরমাণু কর্মসূচি এবং সন্ত্রাসে মদদদান অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র আগ্রাসীভাবে তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে রাইস বলেন, "বুশ প্রশাসন প্রতিদিনই ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা, বিচার বিশ্লেষণ করে। ইরান আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাকে হীন উদ্দেশ্যে কাজে লাগানোর চেষ্টা করছে দেখলে আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতেই থাকব এবং আগ্রাসীভাবেই তা করব।" সন্ত্রাস কিংবা পরমাণু অস্ত্র বিস্তারের মতো কোনো কিছু থেকে অর্জিত মুনাফার জন্য ইরানের ব্যাংক ব্যবস্থাকে কাজে লাগানো উচিত নয় বলে রাইস মন্তব্য করেন। উল্লেখ্য, পরমাণু কর্মসূচি বন্ধ না করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ থাকার কারণে ইরানের ওপর ৩ দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। তাছাড়া, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টি করার লক্ষ্যে ওয়াশিংটনও অন্ততপক্ষে ২০ টি ইরানি কোম্পানি, ব্যাংক এবং ব্যক্তিবিশেষ এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাইস ইরানের ওপর আরও তিন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তবে তা কখন আরোপ করা হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের এই কর্মসূচি কেবলমাত্র জ্বালানি উৎপাদনের কাজে ব্যবহার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৩৩৩ ঘ.