নাপিদো, মিয়ানমার, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবশেষে বিদেশি ত্রাণকর্মী প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। ত্রাণ সরবরাহের অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য তারা ত্রাণকর্মী নিতে রাজী হয়েছেন। জান্তা সরকারের প্রধান থান শয়ে'র সঙ্গে বৈঠকের পর শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন একথা জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব শুক্রবার মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নাপিদোতে থান শয়ে'র সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণকে সহায়তা করার জন্য বিদেশি ত্রাণকর্মীদের মিয়ানমারে আসার অনুমতি দেওয়ার আহ্বান জানান।
বান বলেন, "মিয়ানমারের ঊর্ধ্বতন জেনারেলের সঙ্গে আমার একটি সফল বৈঠক হয়েছে বিশেষ করে ত্রাণকর্মীর বিষয়ে।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "তিনি সকল ত্রাণকর্মীদের অনুমতি দিতে রাজী হয়েছেন।"
সাংবাদিকরা জান্তা সরকার ত্রাণ কাজের অচলাবস্থার কথা বিবেচনা করে ত্রাণকর্মীদের অনুমতি দানে রাজী হয়েছেন কিনা একথা বানের কাছে জানতে চাইলে উত্তরে তিনি বলে, "হ্যাঁ, আমারও তাই মনে হয়, তিনি সব দেশের ত্রাণকর্মীদের অনুমতি দিতে রাজী হয়েছেন।"
মিয়ানমারে ঘূর্ণিঝড় নার্গিসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজারে। আরও হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসাবমতে, ইরাবতী ব-দ্বীপ এবং ইয়াঙ্গুন মিলিয়ে প্রায় ২৫ লাখ লোক ঘূর্ণিঝড় নার্গিসে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বাঁচার জন্য সংগ্রাম করছে। দেশটির সরকার ত্রাণ গ্রহণ করলেও কোনো ত্রাণকর্মী মিয়ানমারে যাওয়ার অনুমতি দেয় নি।
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব ঝড়ে বিধ্বস্ত অঞ্চলগুলো পরিদর্শন করছেন। ২ মে মিয়ানমারের আঘাত হানা সাইক্লোন নার্গিস এখনও পর্যন্ত এশিয়া আঘাত হানা ঝড়গুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৪০ ঘ.
bdnews24