টাম্পা, ফ্লোরিডা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বুধবার বুধবার বলেছেন, আল কায়েদা ও অন্যান্য ইসলামি চরমপন্থীদের বিরুদ্ধে নেওয়া প্রাথমিক পদক্ষেপের কারণে তাদের পরাজিত করা এখন আরও কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের সাফল্য মূল্যায়ন করতে গিয়ে গেটস বলেন, "আল কায়েদা ও ইসলামি চরমপন্থি সংগঠনগুলোর বিরুদ্ধে প্রাথমিক অভিযানে সাফল্য পাওয়া গেলেও এর ফলে তাদের এক কেন্দ্রিক নেতৃত্ব ভেঙে পড়েছে। তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় নিরাপদ ঘাঁটি গড়ে তুলেছে।"
পেন্টাগন প্রধান আরও বলেন, "প্রাথমিক অভিযান তাদের বশ্যতা স্বীকার না করা এবং নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ করে দিয়েছে। এখন তারা আর কোনো একক মতাদর্শিক আন্দোলন বা ধর্মীয় সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই।"
সন্ত্রাসের বিরূদ্ধে যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বিশেষ কমান্ডোদের এক সমাবেশে গেটস বলেন, "সন্ত্রাসীদের এখন একটা নিজস্ব স্বতন্ত্র বাহিনী গড়ে উঠেছে। তারা সরাসরি যোগাযোগ ছাড়াই কিছু সমর্থক তৈরী করতে সক্ষম হয়েছে যারা সরাসরি নির্দেশ ছাড়াই সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।"
এছাড়াও ওই সব দলের মধ্যে রাসায়নিক, জৈবিক, পরমাণু এবং সাইবার অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছেন গেটস ।
রবার্ট গেটস যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক কমান্ডোদের আফগানিস্তান ও ইরাক ছাড়াও অন্য জায়গায় সন্ত্রাস বিরোধী অভিযানের দরকার হতে পারে বলেও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৮০০ ঘ.
bdnews24