২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট পদে মনোনয়ন হাতের নাগালে: ওবামা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন হাতের নাগালে চলে আসার দাবি করেছেন বারাক ওবামা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন মঙ্গলবার কেনটাকির ভোটে বড় ধরনের জয় পাওয়ার পর ওবামা এই দাবি করেন। কিন্তু হিলারি এখনও আত্মসমর্পণে রাজি নন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ওয়াশিংটন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন হাতের নাগালে চলে আসার দাবি করেছেন বারাক ওবামা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন মঙ্গলবার কেনটাকির ভোটে বড় ধরনের জয় পাওয়ার পর ওবামা এই দাবি করেন। কিন্তু হিলারি এখনও আত্মসমর্পণে রাজি নন । কেনটাকির প্রাইমারিতে ওবামাকে ৩৫ শতাংশ ভোটে হারিয়েছেন হিলারি। এখানে শ্বেতাঙ্গ ভোটারদের বড় ধরনের সমর্থন পেয়েছেন তিনি। কিন্তু অরেগনে ওবামা জয়ী হয়েছেন। ডেলিগেটদের সমর্থনের দিক দিয়েও তিনি এগিয়ে গেছেন। আর একেই ডেমোক্র্যাট দলের মনোনয়ন লাভের দীর্ঘ লড়াই অবসানের পথে মাইরফলক অগ্রগতি বলে দাবি করেছেন ওবামা। আইওয়ায় ওবামা তার সমর্থকদের বলেন, আমেরিকার জনগণের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ ডেলিগেটদের নিয়ে আমরা আবার আইওয়ায় এসেছি। আর আপনারা আমাদেরকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমেক্র্যাট দলের মনোনয়ন লাভের কাছাকাছি পৌঁছে দিয়েছেন। আইওয়ায় ৩ জানুয়ারির প্রথম প্রাইমারিতে জয়ী হয়েছিলেন ওবামা। এখানে এসেও ওবামা তার প্রচারাভিযানে রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনকেই তার আক্রমণের লক্ষ্য করেন। নভেম্বরের নির্বাচনের দিকে তাকিয়ে ওবামা রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু করেছেন। তবে ওবামাকে এখনই বেশি তাড়াহুড়ো না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন হিলারি ক্লিনটন। এতদিনের বিভিন্ন প্রাইমারিতে ওবামার টানা জয় এমনকি ডেলিগেটদের ভোটে ওবামা অনেক বেশি এগিয়ে থাকলেও হিলারি ৩ জুনের শেষ ফলাফল না দেখা পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান নাকচ করেছেন। কেনটাকিতে জয়লাভের পর হিলারি লড়াই অব্যাহত রাখার আরও দৃঢ় অঙ্গীকার করেছেন। তিনি বলেন, নভেম্বরের নির্বাচনে ম্যাককেইনের বিপরীতে দাঁড়ানোর মতো সবচে ভাল একজন প্রার্থী আমাদেরকে বাছাই করতে হবে। মঙ্গলবারের ভোটের ফল গণনায়ও দলের মনোনয়ন পেতে প্রয়োজনীয় ২০২৬ ভোটের ৭০ টি ভোট কম রয়েছে ওবামার। কিন্তু অরেগনে ডেলিগেটদের মাইলফলক সমর্থনের কারণে সুপারডেলিগেটদের সমর্থনও তার অনুকূলে যাবে বলেই মনে করছেন ওবামা। তাছাড়া, বিভিন্ন রাজ্যের ভোটে ওবামা এ পর্যন্ত বেশির ভাগ ডেলিগেটের সমর্থন লাভ করে আসায় বাদবাকী ডেলিগেটদের সমর্থনও তার ভাগ্যেই জোটা উচিত বলে মনে করছেন তিনি। ওদিকে, হিলারি বলছেন, সুপারডেলিগেটদের উচিত তার যুক্তিতর্ককেই আমল দেওয়া। আর তা হচ্ছে এই যে, তিনিই নির্বাচনে ম্যাককেইনের বিরুদ্ধে ওবামার চেয়ে বেশি শক্তিশালী প্রার্থী হবেন। তাছাড়া, পেনসিলভানিয়া এবং ওহাইওতে হিলারির বিশাল জয়ও তাকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে যা ওবামা তৈরি করতে পারেন নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৬০৯ ঘ.