২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের চেষ্টা থেমে আছে: গেটস

কিউবায় যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের চেষ্টা আইনগত ও প্রায়োগিক কিছু সমস্যার কারণে থেমে আছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ওয়াশিংটন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিউবায় যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের চেষ্টা আইনগত ও প্রায়োগিক কিছু সমস্যার কারণে থেমে আছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি চলাকালে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রাখার গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধের সদিচ্ছা সম্পর্কিত প্রশ্নের জবাবে গেটস বলেন, "আসলে আমরা এ ব্যাপারে থেমে আছি। কয়েকভাবে থেমে আছি।" বিশ্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্রদেশসহ মানবাধিকার গ্র"পগুলোও বুশ প্রশাসনকে এই বন্দিশিবির বন্ধ করে দেওয়ার আবেদন জানিয়েছে। আন্তর্জাতিক আইনের মানদন্ড মেনে চলা হচ্ছে না এই বন্দিশিবিরে। এতে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। গেটস জানান, ২০০৬ সালের শেষ দিকে পেন্টাগনে ডোনাল্ড রামসফেল্ডের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পরই তিনি চেয়েছিলেন সন্দেহভাজনদেরকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা এই বন্দিশিবিরটি বন্ধ করে দিতে। বিষয়টি দেখভালের জন্য তিনি কর্মকর্তাদেরও কাজে লাগিয়েছিলেন। কিন্তু গেটস জানান, কয়েকটি বড় ধরনের সমস্যার কারণে এ প্রক্রিয়ায় এগোনো যাচ্ছে না। চিহ্নিত ৭০ জন বন্দিকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে তারা চিন্তিত। কারণ, তাদের দেশের সরকার তাদের গ্রহণ করবে না কিংবা তারা দেশে গিয়ে আবারও লাপাত্তা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মার্কিন সেনাবাহিনীর হিসাব মতে, ২০০২ সালের জানুয়ারী থেকে এ পর্যন্ত ৫শ' গুয়ান্তানামো বন্দি মুক্তি পেয়েছে। আর শিবিরে এখনও প্রায় ২৭০ জন বন্দি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৫৩৩ ঘ.