২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম নিয়ে ওপেকের বিরুদ্ধে মামলার বিল পাস যুক্তরাষ্ট্রে

তেলের যোগান কমিয়ে দেওয়া এবং সদস্যদেশগুলো মিলে অশোধিত তেলের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগে ওপেকের বিরুদ্ধে মামলা করার লক্ষ্যে মঙ্গলবার একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ওয়াশিংটন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেলের যোগান কমিয়ে দেওয়া এবং সদস্যদেশগুলো মিলে অশোধিত তেলের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগে ওপেকের বিরুদ্ধে মামলা করার লক্ষ্যে মঙ্গলবার একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই বিল পাসের ফলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিশ্বের শীর্ষ তেল উৎপাদক সৌদি আরব, ইরান এবং ভেনেজুয়েলাসহ ওপেক সদস্য দেশগুলোর বিরুদ্ধে মামলা করতে পারবে। তবে, হোয়াইট হাউস জানিয়েছে এই বিলের বিরুদ্ধে ভিটো দেবে তারা। কিন্তু বিলটি প্রতিনিধি পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হওয়ায় তা প্রেসিডেন্টের ভিটোকে অগ্রাহ্য করতে পারে। প্রতিনিধি পরিষদে এই বিলের পক্ষে ভোট দেন ৩২৪ জন সদস্য, বিপক্ষে ভোট দেন ৮৪ জন। একইসঙ্গে গ্যাসোলিনের দাম বাড়া এবং জ্বালানি বাজারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে তদন্ত করে দেখার জন্য বিচার বিভাগের অধীনে একটি টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়ছে এই বিলে। এই বিলের প্রস্তাবক উইসকনসিন থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের প্রতিনিধি স্টিভ কাজেন বলেন, " অনুমান নির্ভরতা কিংবা (হয়তো) অবৈধ তৎপরতার বদলে তেলের দাম বাড়ার পরিবর্তে চাহিদা ও যোগানের অর্থনৈতিক সূত্র অনুসারেই তেলের দাম নির্ধারিত হবে তা নিশ্চিত করবে এই বিল।" মার্কিন ওই আইনপ্রণেতা বলেন, গ্যাসোলিনের জন্য কতটা পকেট খালি করতে হবে সে বিষয়ে আমেরিকানরা এখন ওপেকের "দয়ার ওপর নির্ভর" করছে। যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে গ্যাসোলিনের দাম রেকর্ড পরিমাণ বেড়ে গড়ে গ্যালনপ্রতি ৩ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে মঙ্গলবার ব্যারেলপ্রতি ১২৯ ডলারে পৌঁছায়। প্রতিনিধি পরিষদের এই বিলটি আইনে পরিণত হতে হলে একে সিনেটের অনুমোদন পেতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫৮ ঘ.