বাগদাদ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শিয়া নেতা মুকতাদা আল সদরের বাগদাদ ঘাঁটি দখল করে নিয়েছে ইরাকি বাহিনী। প্রায় ১০ হাজার ইরাকি পুলিশ ও সেনা মঙ্গলবার ট্যাংক নিয়ে বাগদাদের সদর সিটিতে অভিযান চালিয়ে ঘাঁটিটি দখল করে নেয়।
সেনাবাহিনী বলেছে, সদর সিটিতে অভিযান চালাতে ঢুকে তারা কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি। বিনা বাধাতেই সদর সিটির তৃতীয়াংশ দখল করে তারা। অথচ কিছুদিন আগেই এখানে সদরের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ে শ শ মানুষ নিহত হয়েছে।
শিয়া দলটির সঙ্গে সরকারের মধ্যকার ১০ দিনের যুদ্ধবিরতির ফলে লড়াই অনেকাংশেই কমে এসছিল। এতে করে সদর সিটিতে মঙ্গলবার অভিযান চালানোরও পথ প্রশস্ত হয়।
যুদ্ধবিরতির প্রস্তাবে আল-সদর তার অনুসারী বন্দুকধারীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান এবং সরকারকেও ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণের আহ্বান জানানো হয়।
ইরাকের সেনাবাহিনী মঙ্গলবার বাগদাদের সদর সিটির বস্তি দখলের অভিযান চালায়। এটি শিয়া নেতা মুকতাদা আল-সদরের শক্তিশালী ঘাঁটি। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাসিম মুসাওয়ি একথা জানিয়েছেন।
তিনি জানান, সেনারা পূর্ব বাগদাদে মঙ্গলবার সকাল থেকেই 'অপারেশন পিস' শুরু করে। সদর সিটির প্রতিটি জেলার ঢুকে পড়ে সেনারা। তারা সব ওয়ান্টেড জঙ্গিকে গ্রেপ্তারের চেষ্টা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৬ঘ.
bdnews24