২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জেরার মুখে এহুদ ওলমার্ট

ঘুষ কেলেঙ্কারি তদন্তে আগামী শুক্রবার ২য় বারের মতো পুলিশের জেরার মুখে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এতে করে তিনি পদত্যাগেও বাধ্য হতে পারেন। পুলিশের এক মুখপাত্র একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

জেরুজালেম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘুষ কেলেঙ্কারি তদন্তে আগামী শুক্রবার ২য় বারের মতো পুলিশের জেরার মুখে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এতে করে তিনি পদত্যাগেও বাধ্য হতে পারেন। পুলিশের এক মুখপাত্র একথা বলেছেন। পুলিশ ২ মে প্রথমবারের মতো ওলমার্টকে জেরা করে। পুলিশের সন্দেহ, ওলমার্ট রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কোনো বিদেশি বা বিদেশিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ঘুষ নিয়েছেন। ওলমার্ট অবশ্য এ ধরনের কোনো কিছু করার কথা অস্বীকার করে বলেছেন, দোষী সাব্যস্ত হলে তিনি পদত্যাগ করবেন। তবে ওলমার্ট এ মাসে একথাও স্বীকার করেছেন যে, ১৯৯৩ ও ১৯৯৮ সালে জেরুজালেমের মেয়র পদে দুবারের সফল প্রচারাভিযান চালাতে তিনি মার্কিন ব্যবসায়ী মরিস তালানস্কির কাছ থেকে অর্থ নিয়েছেন। তবে ১৯৯৯ এবং ২০০২ কোনো সালের নির্বাচনেই ডানপন্থী লিকুদ পার্টি জিততে পারেনি। ইসরায়েলি আইনে ১শ ডলারের বেশি রাজনৈতিক ডোনেশন নেওয়া নিষিদ্ধ। কিন্তু ওলমার্ট তালানস্কির কাছ থেকে খামভর্তি অর্থ নিয়েছেন বলেই সন্দেহ করছেন তদন্তকারীরা। ইসরায়েলের প্রধান কৌসুলি সোমবার একথা বলেছেন। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফিল্ড বলেছেন, "ন্যাশনাল ফ্রড ইউনিটের তদন্তকারীরা আসছে শুক্রবার ওলমার্টকে ২য় বারের মতো জেরা করবে।" এর আগে এটর্নি জেনারেল মেনাকেম মাজুজ রোববার বলেছেন, "ওলমার্টের বিরুদ্ধে এই দুর্নীতি তদন্ত সহসাই শেষ হবে না।" বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৯ঘ. .