২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহাথিরের দল ত্যাগ, বিপাকে প্রধানমন্ত্রী বাদাবি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার দল 'ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন" - ইউএমএনও থেকে সোমবার পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি দলের অন্যান্য নেতা কর্মীদেরও তার পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

কুয়ালা লামপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার দল 'ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন" - ইউএমএনও থেকে সোমবার পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি দলের অন্যান্য নেতা কর্মীদেরও তার পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। ইউএমএনও গত ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে মালয়েশিয়ার স্বাধীনতার পর গত ৫০ বছর ধরে দেশটির ক্ষমতায় টিকে থাকা ১৪ দলীয় বারিসান ন্যাশনাল (বিএন) জোটের প্রধান শরীক দল। তার দল ত্যাগের ফলে বর্তমানে ক্ষমতাসীন দলটির সরকারে থাকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। ইউএমএনও'র প্রভাবশালী এই নেতা ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ইউএমএনও নেতা আব্দুল্লাহ আহমাদ বাদাবি বর্তমানে দলটির প্রধান। বাদাবির সঙ্গে দীর্ঘদিন ধরে মহাথিরের বিরোধ চলতে থাকলেও মার্চ মাসের নির্বাচনে বারিসান জোটের ভরাডুবির পর পর তিনি বাদাবিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী'র পদ এবং ইউএনএমও'র নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। কেদাহ প্রদেশের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, "আমি ইউএনএমও সদর দপ্তরে চিঠি লিখে জানিয়ে দেব, আমি দল থেকে পদত্যাগ করেছি।" তিনি আরও বলেন, ইউএনএমও জাতিগত মালয়েশীয় সংখ্যাগরিষ্ঠদের স্বার্থরক্ষার সামর্থ্য হারিয়ে ফেলেছে। মাহাথির অন্য ইউএনএমও'র নেতাদেরও দল ত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে তিনি তাদের বিরোধী দলে যোগ দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। সেন্টার ফর পাবলিক পলিসি স্টাডিস'র পরিচালক ট্রিসিয়া ইয়েওহ বলেন, "এটা ঠিক একটা শক্ত দেয়াল থেকে আর একটা ইট টেনে বের করার মতো।" তিনি আরও বলেন, "মাহাথির পদত্যাগ করেছে, অন্যরাও তাই করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬০৭ ঘ.