২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের দিকে তাকিয়ে ওবামা, অনিশ্চিত হিলারির ভাগ্য

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী সিনেটর বারাক ওবামার নজর এখন সাধারণ নির্বাচনের দিকে। রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে প্রচারাভিযান জোরদার করতে তিনি ইতোমধ্যেই মনোযোগী হয়েছেন। ওদিকে, হিলারি ক্লিনটন এখনও ব্যস্ত ওবামাকে টপকানোর চেষ্টা নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

পোর্টল্যান্ড, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী সিনেটর বারাক ওবামার নজর এখন সাধারণ নির্বাচনের দিকে। রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে প্রচারাভিযান জোরদার করতে তিনি ইতোমধ্যেই মনোযোগী হয়েছেন। ওদিকে, হিলারি ক্লিনটন এখনও ব্যস্ত ওবামাকে টপকানোর চেষ্টা নিয়ে। লবিকারীদেরকে শীর্ষ উপদেষ্টা নিয়োগ করার জন্য ম্যাককেইনের সমালোচনায় সরব হয়েছেন ওবামা। গত কয়েক সপ্তাহ ধরে এই উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ম্যাককেইন সমস্যায় পড়ছেন বলে ওবামা উল্লেখ করেন। লবিংয়ে জড়িত থাকার জন্য ম্যাককেইনের ন্যাশনাল ফিন্যান্স কো-চেয়ারম্যান টেক্সাসের সাবেক রিপাবলিকান থমাস লোয়েফলার পদত্যাগ করেন। ম্যাককেইনের প্রচারাভিযান পরিচালনাকারী কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। থমাসসহ মোট ৫ জনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এই দুর্বল দিকটাই জনসম্মুখে প্রচার করে ম্যাককেইনকে বেকায়দায় ফেলার চেষ্টা চালাচ্ছেন ওবামা। ওবামা অবশ্য এখনও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাট দলের আনুষ্ঠানিক মনোনয়ন পাননি। তাই তাকে পরাজিত করার শেষ চেষ্টা এখনও চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির। নিউ ইয়র্কের সিনেটর হিলারি কেনটাকিতে তাকে জয়যুক্ত করার জন্য সমর্থকদের আহ্বান জানাচ্ছেন। মঙ্গলবার এই অঙ্গরাজ্যে আরেকটি প্রাইমারি অনুষ্ঠানের কথা রয়েছে। এই প্রাইমারিতে স্বত:র্স্ফূতভাবে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন তিনি। ওদিকে, পোর্টল্যান্ডে ইলিনয়ের সিনেটর ওবামা প্রচুর জনসমর্থন পাচ্ছেন। অরেগনে ভোট মঙ্গলবার। এখানে জনমত জরিপে ওবামাই এগিয়ে আছেন। অন্যদিকে, কেনটাকিতে হিলারি জয় পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ওবামা বলেছেন, "আমাদের সামনে আরও কিছু প্রতিযোগিতা বাকি। কেনটাকি আর অরেগনে ভোট আশানুরূপ হলে মনে করছি সেক্ষেত্রে আমরা সংখ্যাগরিষ্ঠ ডেলিগেটের সমর্থন পেয়ে যাব। আর তা হওয়াটা বেশ গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৫১৪ ঘ.