২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মিয়ানমারে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভয়াবহ ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে প্রায় ৭৮ হাজার মানুষ নিহত হওয়ার ১৭ দিন পর সোমবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মিয়ানমারের সামরিক জান্তা। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 07:35 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ইয়াঙ্গুন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভয়াবহ ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে প্রায় ৭৮ হাজার মানুষ নিহত হওয়ার ১৭ দিন পর সোমবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মিয়ানমারের সামরিক জান্তা। রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। ভূমিকম্পে হতাহতদের স্মরণে প্রতিবেশি চীন তিন দিনের জাতীয় শোক পালন শুরু করার পর মিয়ানমার এ শোক পালনের ঘোষণা দিল। বিশ্লেষকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ মিয়ানমার প্রথম দিকে কমিয়ে বলার চেষ্টা করলেও তিন দিনের শোক ঘোষণার মাধ্যমে তারা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা স্বীকার করে নিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মঙ্গলবার থেকে শোক পালন শুরু হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ঘূর্ণিঝড় নার্গিসে বহু মানুষ হতাহত হওয়ায় আগামী ২০ থেকে ২২ মে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে।" এদিকে মিয়ানমারে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আসন্ন সফর এবং সিঙ্গাপুরে সোমবার শুরু হওয়া আসিয়ান সম্মেলনকে ঘিরে ইরাবতী ব-দ্বীপে ঘুর্ণিঝড় দুর্গত লাখ লাখ মানুষের জন্য ত্রাণ তৎপরতায় গতি সঞ্চারের আশা জেগে উঠেছে। দু'সপ্তাহ আগে ঘূর্ণিঝড় নার্গিসে বিধ্বস্ত মিয়ানমারের সামরিক জান্তা এ পর্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সাহায্য গ্রহণে অনেকটাই মুখ ফিরিয়ে রেখেছে। ত্রাণ সরবরাহ ত্বরান্বিত করার চেষ্টায় বান কি মুন সরাসরি মিয়ানমার জান্তা প্রধান থান শয়ের সঙ্গে বিরল সাক্ষাতে বসবেন বলে আশা করা হচ্ছে। মিয়ানমারে বড় ধরনের বৈদেশিক সাহায্য ত্বরান্বিত করতে জাতিসংঘ ২৪ মে ব্যাংককে একটি সম্মেলনও করতে চায়। কিন্তু মিয়ানমার জান্তা ৪৬ বছরের শাসনক্ষমতা নড়বড়ে হয়ে যাওয়ার দেশটিতে বিদেশীদের প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কায় এখন পর্যন্ত বড় ধরনের বৈদেশিক সাহায্য নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, অবিলম্বে ত্রাণ সরবরাহ করা না গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেসরকারি সাহায্য সংস্থা 'সেভ দ্য চিলড্রেন' রোববার বলেছে, তারা গবেষণা করে দেখেছে, "মিয়ানমারে ঘূর্ণিঝড় দুর্গত ইরাবতী ব-দ্বীপে ৫ বছরের নীচে প্রায় ৩০ হাজার শিশু ঝড়ের আগে থেকেই মারাত্মক অপুষ্টির শিকার। খাবারের অভাবে তারা আগামী ২/৩ সপ্তাহের মধ্যেই মারা যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে।" ব্রিটেনের এশিয়া বিষয়ক মন্ত্রী মেলোচ ব্রাউন দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সদস্যদের সঙ্গে দেখা করার পর ইয়াঙ্গুনে বলেছেন, আসিয়ান এবং জাতিসংঘের নেতৃত্বধীন প্রচেষ্টা ইতোমধ্যেই শুরু হয়েছে। অন্যান্য দেশও এপথে ত্রাণকাজে অবদান রাখতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ ঘ.