দুবাই, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষাকারী আরব দেশগুলোর বিরুদ্ধেও লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি। এক বেতার রেকর্ডিংয়ে লাদেন এ আহ্বান জানান।
রোববার ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত বেতার রেকর্ডিংয়ে লাদেন বলেন, "এই অবরোধ ভাঙার দায়িত্ব মিসরে আমাদের ভাইদের ওপরই বার্তায়। কারণ, তারাই একমাত্র গাজা সীমান্তে আছে।"
তিনি বলেন, "গাজার নিপীড়িত জনগণের মৃত্যুর জন্য আমাদের প্রত্যেকেই দায়ী। আর ইসরায়েলি অবরোধের কারণে ডজন ডজন মানুষ মারা গেছে। ইহুদিদের ঘনিষ্ঠজনদের সঙ্গে লড়াই না করে ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোর আর কোনো উপায় নেই।"
লাদেন আরও বলেন, " ইসরায়েল খুবই দুর্বল, তারা শূণ্যের ওপর দাঁড়িয়ে আছে। পশ্চিমা সমর্থন ছাড়া তারা টিকে থাকতে পারবে না।"
রেকর্ডিংয়ের সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। তবে, রেকর্ডিংয়ের কণ্ঠ লাদেনের আগের টেপগুলোর মতোই।
রেকর্ডিংটি কয়েক দিন বা কয়েকসপ্তাহ আগে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফর শেষের দিনই এটি প্রকাশ করা হল।
৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসরায়েলের প্রশংসা করে বুশ অনেক আরবকেই ক্ষুব্ধ করেছেন। বুশ পরবর্তীতে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে আরবদের এই ক্ষোভ দূর করার চেষ্টা নেন।
উল্লেখ্য, ইসরায়েল ২০০৫ সালে গাজা থেকে ইহুদি বসতি সরিয়ে নেয়। কিন্তু গাজা থেকে ফিলিস্তিনিদের রকেট হামলাকে নিজেদের জন্য হুমকি বলে মনে করছে ইসরায়েল। একারণে তারা গাজা সীমান্ত বন্ধ করে রেখেছে। এতে করে চরম অর্থনৈতিক দুর্দশায় পড়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৯ঘ.
bdnews24