২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তিনদিনের শোক, মৃতের সংখ্যা প্রায় ৩২,৫০০

চীনে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে রোববার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩২ হাজারে। বড় ধরনের এই ক্ষতির মুখে সোমবার থেকে ৩ দিনের জাতীয় শোক পালন শুরু করছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

বেইচুয়ান, চীন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে রোববার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩২ হাজারে। বড় ধরনের এই ক্ষতির মুখে সোমবার থেকে ৩ দিনের জাতীয় শোক পালন শুরু করছে চীন। রোববার সিচুয়ানে ভূমিকম্পের আরও একটি পরাঘাত অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার সকালে ৬ দশমিক ১ মাত্রার ওই পরাঘাতের কেন্দ্র ছিল গুয়ানগায়ানের ৮০ কিলোমিটার পশ্চিমে। তবে এতে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া। সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, সোমবার থেকে তিনদিনের জাতীয় শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড স্থগিত থাকবে। এছাড়া তিন মিনিটের নীরবতা পালন করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিনদিনের শোক পালনকালে দেশজুড়ে অলিম্পিক মশালের র‌্যালিও স্থগিত থাকবে। ভূমিকম্প বিধ্বস্ত সিচুয়ান প্রদেশে ধসে পড়া দালানকোঠার নীচ থেকে শনিবার আরও ৬০ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। তবে সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা প্রায় ১০,০০০ মানুষকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন পরাঘাতটির কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের প্রাদেশিক রাজধানী চেংডুতেও দালানকোঠা কেঁপে ওঠে এবং মানুষজন দৌড়ে রাস্তায় নেমে আসে। তবে ক্ষতিগ্রস্ত এলাকার অদূরে অবস্থিত পরমাণু স্থাপনাগুলো নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে। চীনের প্রধান পরমাণু অস্ত্র গবেষণাগারটিও এখানে অবস্থিত। ওদিকে, গত সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকার একটি হ্রদের তীর ভেঙে পড়ার আশঙ্কায় শনিবার মানুষজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপর হাজার হাজার লোক ওই এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে। উদ্ধারকর্মীসহ স্থানীয় জনগণকে এলাকা থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। হংকংয়ের একটি টেলিভিশন জানিয়েছে, পানি বাড়ার কারণে হ্রদের তীর ভেঙে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বেইচুয়ানের ৯০ কিলোমিটার উত্তর-পূর্বের কুইংচুয়ান এলাকা থেকে কমপক্ষে ১২ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ১৯৭৬ সালের পর চীনে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প। ওই বছর চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছিল প্রায় ৩,০০,০০০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/এলকিউ/১৫১৬ ঘ.