২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীববৈচিত্র রক্ষার ২০১০ সালের জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

উদ্ভিদ ও প্রাণীকূলের বেঁচে থাকা প্রজাতিগুলোর বিলুপ্তির হার কমিয়ে আনার ২০১০ সালের জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। সোমবার জার্মানির বন শহরে শুরু হতে যাওয়া দুসপ্তাহব্যাপী সম্মেলনে বিশ্ববাসীকে এ হতাশার কথাই জানাবেন প্রায় ২০০টি দেশের সরকারি প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

বার্লিন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উদ্ভিদ ও প্রাণীকূলের বেঁচে থাকা প্রজাতিগুলোর বিলুপ্তির হার কমিয়ে আনার ২০১০ সালের জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। সোমবার জার্মানির বন শহরে শুরু হতে যাওয়া দুসপ্তাহব্যাপী সম্মেলনে বিশ্ববাসীকে এ হতাশার কথাই জানাবেন প্রায় ২০০টি দেশের সরকারি প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা। আয়োজক দেশ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল এবং বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানসহ প্রায় ৫০০০ প্রতিনিধি অংশ নেবেন ওই জাতিসংঘ সম্মেলনে। সম্মেলনের নির্বাহী সম্পাদক আহমেদ যোঘলাফ রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন এ সম্মেলনের মাধ্যমে "মানবজাতিকে জেগে ওঠার জন্য একটি সতর্কতা সংকেত পাঠাতে চাই আমরা। জীববৈচিত্র রক্ষায় একটি সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া প্রয়োজন আমাদের।" জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, ৬ কোটি ৫০ লাখ বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির পর বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ বিলুপ্তির হুমকিতে রয়েছে পৃথিবীতে এখনও টিকে থাকা উদ্ভিদ ও প্রাণীকূল। কেউ কেউ বলছেন, মানবসৃষ্ট দূষণের ফলে উপযোগী আবাসস্থল নষ্ট হয়ে পৃথিবীতে প্রতিঘন্টায় কমপক্ষে তিনটি প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের ভোগের পরিমাণ এমন অস্থিতিশীল পর্যায়ে পৌঁছে গেছে যে, তা পৃথিবীতে প্রাণের টিকে থাকার মৌল কাঠামোই নষ্ট করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে এবং ভোগের প্রকৃতিতে পরিবর্তন আনতে না পারলে বিশ্বের ৯০০ কোটি মানুষের খাবারের যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়তে পারে বলেও হুঁশিয়ার করে দেন তারা। বিশ্বের দ্রুত বর্ধিষ্ণু অর্থনীতিগুলোর কারণে লাগামহীন চাহিদা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য কারণে খাদ্যপণ্যের উচ্চমূল্য নতুন করে উদ্ভিদ বৈচিত্রের বিষয়টিতে সবার মনযোগ কাড়ে। উদ্ভিদ বৈচিত্রের বিলুপ্তি দীর্ঘমেয়াদে খাদ্য সরবরাহের প্রশ্নে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করে দেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বর্তমানে প্রায় ২০ লাখ প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে উল্লেখ করলেও অনেকেই বলছেন, প্রকৃত সংখ্যা এরচেয়ে আরও অনেক বেশি। যোঘলাফ রয়টার্সকে বলেন, সর্বশেষ তথ্যে দেখা গেছে, আগের চেয়ে অনেক বেশি দ্রুতহারে বিলুপ্তির শিকার হচ্ছে উদ্ভিদ ও প্রাণীকূল। এ হার "ভয়াবহ" বলেও উল্লেখ করেন তিনি। ২০০২ সালে গৃহীত ২০১০ সালের জাতিসংঘ লক্ষ্যমাত্রা অর্জনের একটি মূল্যায়ন হাজির করা এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে আগামী কর্মসূচি নির্ধারণ করা বন সম্মেলনের মূল লক্ষ্য। নরওয়ের পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইম এ প্রসঙ্গে বলেন, "এটি অনেকটা বিশ্বশান্তি অর্জনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।" তিনি আরও বলেন,"তবে আমরা তা পুরোপুরি অর্জন করতে না পারলেও লক্ষ্য নির্ধারণ করে এজন্য চেষ্টা চালিয়ে যাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.