ইসলামাবাদ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রায় এক বছর পর ভারত-পাকিস্তান শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে পাকিস্তানের নতুন বেসামরিক সরকারের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী। তিনি বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে বৈঠক করবেন।
২০০৪ সালে চতুর্থবারের মতো যুদ্ধে জড়িয়ে পড়ার অবস্থা সৃষ্টি হলে শান্তি আলোচনা শুরু করে প্রতিবেশি দেশ দুটি।
বর্তমানে দুপক্ষের সম্পর্ক উষ্ণ হলেও তাদের মূল বিরোধের বিষয় কাশ্মির প্রশ্নে কোনো তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়নি। হিমালয়ের পাদদেশে অবস্থিত মুসলিম অধ্যুষিত কাশ্মিরকে দু'দেশই তাদের অংশ বলে দাবী করে আসছে। এ বিষয়ের অগ্রগতি যে ক্ষীণ তা এই মাসেও কাশ্মির সীমান্তে দু'পক্ষের প্রচন্ড লড়াই-ই বলে দেয়।
ভারত ও পাকিস্তান উভয় দেশের বিশ্লেষকরাই বলছেন, প্রণব মুখার্জী পাকিস্তানের নবনির্বাচিত নেতাদের মনোভাব বুঝতে এবং কারা পাকিস্তানের নীতি নির্ধারকের ভূমিকা পালন করছেন তা দেখতে যাচ্ছেন।
১৯৯৯ সালে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ক্ষমতায় অধিষ্টিত হওয়ার পর থেকেই ভারত বিষয়ে নীতি নির্ধারকের দায়িত্ব তিনিই পালন করতেন।
ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিয়াজ খোখার বলেন, "ভারতীয়রা জানতে চাইবে ইসলামাবাদ কার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, কেননা বিষয়টি পরিষ্কার নয়।"
তিনি আরও বলেন, "যেখানে ক্ষমতার এতো কেন্দ্র, সেখানে প্রেসিডেন্টের অবস্থান কোথায়? ভারত-পাকিস্তান সম্পর্কের নীতি নির্ধারণে তিনিই কি মুখ্য নাকি তিনি এখন ইতিহাস।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24