২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের পুনর্বহালে লংমার্চ করবেন পাকিস্তানের আইনজীবীরা

পাকিস্তানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বরখাস্ত করা বিচারকদের পুনর্বহালে আন্দোলন জোরদার করছেন আইনজীবীরা। এ বিষয়ে সরকারের ওপর চাপ বাড়াতে আগামী ১০ জুন দেশব্যাপী লংমার্চের ডাক দিয়েছেন আইনজীবী নেতারা। শনিবার লাহোরে এক বৈঠকের পর দেশটির সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশেনের সভাপতি আইতাজ আহসান একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

লাহোর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বরখাস্ত করা বিচারকদের পুনর্বহালে আন্দোলন জোরদার করছেন আইনজীবীরা। এ বিষয়ে সরকারের ওপর চাপ বাড়াতে আগামী ১০ জুন দেশব্যাপী লংমার্চের ডাক দিয়েছেন আইনজীবী নেতারা। শনিবার লাহোরে এক বৈঠকের পর দেশটির সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশেনের সভাপতি আইতাজ আহসান একথা জানান। লাহোরে আইনজীবী নেতাদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আইতাজ আহসান জানান, "এটা একটা মাইলফলক হতে যাচ্ছে। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লংমার্চ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।" প্রবীণ আইনজীবী সাদ রাহমান জানিয়েছেন, ১০ জুন লংমার্চের তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে লংমার্চের যাত্রাপথ এখনও চূড়ান্ত হয়নি। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশেনের সভাপতি এবং বর্তমান জোট সরকারের নেতৃত্বদানকারী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা আইতাজ আহসান আরও বলেন, "সব আইনজীবীদের সমস্ত শক্তি ও উদ্যম এখন এ লংমার্চের জন্য ব্যয় করা হবে।" বিচারকদের পুনর্বহালের ইস্যুতে নিজ দল পিপিপি'র সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন আইতাজ আহসান। প্রেসিডেন্ট মুশাররফ গত বছরের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীসহ বিপুল সংখ্যাক বিচারককে বরখাস্ত করেন। এ বিচারকদের স্বপদে পুনর্বহাল নির্বাচনের একটি প্রধান ইস্যু হলেও পিপিপি নেতৃত্বাধীন জোট সরকার এখনও সেই অঙ্গীকার বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) বিচারকদের পুনর্বহালের দাবিতে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি নওয়াজের মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করেননি। পরে নওয়াজের দল পিপিপি নেতৃত্বাদীন সরকারকে ইস্যুভিত্তিক সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও একইসঙ্গে তারা আইনজীবীদের আন্দোলনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩৮ ঘ.