বাগদাদ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলে আল কায়েদা বিরোধী অভিযানে সহস্রাধিক সন্দেহভাজনকে আটক করেছে ইরাকি বাহিনী। অভিযানে নেতৃত্বদানকারী সেনা কমান্ডার শনিবার এ কথা জানিয়েছেন।
সপ্তাহখানেক আগে শুরু হওয়া অভিযান তদরক করতে যাওয়া ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি কয়েকদিন মসুল ও পার্শ্ববতী নায়নাহ প্রদেশে অবস্থান শেষে শনিবার রাজধানী বাগদাদে ফিরে এসেছেন।
ইরাকের অন্যান্য অংশ থেকে বিতাড়িত হয়ে সুন্নিপন্থি আল-কায়েদা যোদ্ধারা নায়নাহ এলাকায় পুনরায় জড়ো হয়েছে বলে মনে করছে ইরাকি বাহিনী। এদিকে মার্কিন বাহিনী জানিয়েছে, ইরাকে শহর এলাকাগুলোর মধ্যে মসুলই আল কায়েদা যোদ্ধাদের অন্যতম বৃহৎ ঘাঁটি।
এক সপ্তাহ আগে শুরু হওয়া আল কায়েদা বিরোধী অভিযানের ইরাকি কমান্ডার লে. জেনারেল রিয়াদ জালাল তৌফিক জানিয়েছেন, এ পর্যন্ত এক হাজার ৬৮ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, "সন্ত্রাসী ও বিদ্রোহীরা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান চলবে।"
গত শুক্রবার প্রধানমন্ত্রী মালিকি ঘোষণা দেন, ১০ দিনের মধ্যে বিদ্রোহীরা অস্ত্রসমর্পণ করলে তাদের ক্ষমা করা হবে এবং একই সঙ্গে নগদ অর্থ পুরস্কারও দেওয়া হবে। তবে তিনি জানান, যে সমস্ত বিদ্রোহীরা কাউকে হত্যা করেনি কেবল তাদের বেলায় এই ঘোষণা কার্যকর হবে।
মার্কিন কর্মকর্তারা অভিযোগ করে আসছেন ইরাকের অধিকাংশ সহিংস ঘটনা ও আত্মঘাতী হামলার জন্য আল কায়েদাই দায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24