বাইচুয়ান, চীন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের গত সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকার একটি হ্রদের তীর ভেঙে পড়ার আশঙ্কায় শনিবার মানুষজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপর হাজার হাজার লোক ওই এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে।
সোমবারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ পর্যন্ত ২৮ হাজার ৮৮১ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এছাড়া ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়েছে প্রায় ৪৮ লাখ মানুষ।
গত সোমবার বিকালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা চীন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল। এর কম্পন অনুভূত হয় সুদূর থাইল্যান্ডেও।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি একটি হ্রদের তীর ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় জনগণকে শনিবার এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর পর ওই এলাকার হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী টেলিফোনে রয়টার্সকে বলেন, সেনাবাহিনী বাইচুয়ান এলাকা থেকে সবাইকে সরিয়ে নিচেছ, এমনকি উদ্ধারকর্মীদেরও।
হংকংয়ের একটি টেলিভিশন জানিয়েছে, পানি বাড়ার কারণে হ্রদের তীর ভেঙে পড়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বাইচুয়ানের ৯০ কিলোমিটার উত্তর-পূর্বের কুইংচুয়ান এলাকা থেকে কমপক্ষে ১২ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
১৯৭৬ সালের পর চীনে এটিই সবচে বড় ধরনের ভূমিকম্প। ওই বছর চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছিল ৩,০০,০০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৭ ঘ.
bdnews24