ইয়াঙ্গুন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সামরিক জান্তা শনিবার সেদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ঘূর্ণিঝড় বিধ্বস্ত ইরাবতি ব-দ্বীপ অঞ্চল পরিদর্শন করিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় নার্গিসে নিহত ও নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজারে।
গত ৫০ বছরের মধ্যে এশিয়ায় হতাহতের দিক দিয়ে নার্গিসের চেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে দুবার এবং দুটিই বাংলাদেশে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহত হয়েছিল পাঁচ লাখ মানুষ এবং ১৯৯১ সালে এক লাখ ৪৩ হাজার।
মিয়ানমারে ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ২৫ লাখ মানুষ অনাহারের শিকার হতে পারে বলে পশ্চিমাবিশ্ব উদ্বেগ প্রকাশ করলেও দেশটির জান্তা সরকার দাবি করেছে দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা দ্রুত ও সুষ্ঠুভাবেই চলছে।
শনিবার বৃষ্টি শুরু হওয়ায় দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এই অবস্থায় সেনা সদস্যদের ত্রাণ তৎপরতা পরিদর্শনে সাবেক রাজধানী ইয়াঙ্গুনে নিয়ে যাওয়া হয় বিদেশি কূটনীতিকদের।
পরিদর্শনে যাওয়া এক কূটনীতিক জানিয়েছেন, সব জায়গায় পরিস্কার পরিচ্ছন্ন তাবু এমনভাবে টাঙানো, দেখে মনে মানুষ বিহারে এসেছে।
মিয়ানমারে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নার্গিসের তাণ্ডবে দুর্গত ইরাবতী ব-দ্বীপ অঞ্চলের মানুষেরা শুক্রবার নতুন আরেকটি ঝড়ের কবলে পড়েছে। নতুন এ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে এখানকার ঘূর্ণিঝড় দুর্গত প্রায় ২৫ লাখ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড় ও বৃষ্টির কারণে সামরিক জান্তার অপ্রতুল ত্রাণ তৎপরতা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ত্রাণ সরবরাহে নিয়োজিত স্থানীয় সেনা ইউনিটগুলোর বিরুদ্ধে খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী লুটপাটের গুজব ছড়িয়ে পড়ার পর ত্রাণ সামগ্রী বিক্রি কিংবা ত্রাণ বিতরণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সামরিক জান্তা। রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার এ ঘোষণা প্রচার করা হয়।
গত বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের সময় মিয়ানমারের প্রধানমন্ত্রী থান শো বলেন, "প্রথম ধাপে ত্রাণ বিতরণ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আমরা দ্বিতীয় ধাপে শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে পুর্ণগঠনের ওপর জোর দেওয়া হবে।"
ঘূর্ণিঝড়ের পর রোগ ও অনাহারে আরও প্রাণহনী রোধ করতে মিয়ানমারে বিদেশি সাহয্যকর্মীদের ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করতে দেওয়ার জন্য দেশটির সামরিক জান্তার প্রতি আহ্বান জনিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা। তবে জান্তা সরকার সে আহ্বানে সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১০ ঘ.
bdnews24