২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক পর্যবেক্ষক থাকলেই জিম্বাবুয়েতে নির্বাচন করবেন সাভিঙ্গরাই

জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই মঙ্গলবার জানিয়েছেন, আঞ্চলিক পর্যবেক্ষক উপস্থিত থাকলেই তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

জোহান্সবার্গ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই মঙ্গলবার জানিয়েছেন, আঞ্চলিক পর্যবেক্ষক উপস্থিত থাকলেই তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা সাভাঙ্গিরাই এর আগে গত শনিবার দাবি করেছিলেন, বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের পূর্ণ সুযোগ দেওয়া হলেই কেবল তিনি নির্বাচনে অংশ নেবেন, তা না হলে নয়। কিন্তু জিম্বাবুয়ে সরকার তা প্রত্যাখ্যান করায় সাভাঙ্গিরাই আগের দাবি থেকে সরে এসে মঙ্গলবার জানান, আঞ্চলিক পর্যবেক্ষকরা থাকলেও তিনি নির্বাচনে অংশ নিতে রাজি আছেন। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত সাভাঙ্গিরাই এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, "এই মুহূর্তে এসএডিসি'র উপরই সবকিছু নির্ভর করছে। আমি নিশ্চিত তারা কথা রাখবে এবং জিম্বাবুয়েতে এসএডিসি শান্তিরক্ষী ও পর্যবেক্ষক পাঠাবে। আমাদের কাছে সেটাই যথেষ্ট।" জিম্বাবুয়ের নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠানে দেরি হতে পারে। এক্ষেত্রে নির্বাচনের জন্য এমডিসি কতদিন অপেক্ষা করতে পারে জানতে চাওয়া হলে সাভাঙ্গিরাই বলেন, "বিষয়টা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। তারা নির্বাচন পেছালেও সেটা যুক্তিসংগত সময়ের মধ্যে হওয়া উচিৎ।" তিনি আরও বলেন, "আমি নিশ্চিত, এক্ষেত্রে দ্রুত নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য এসএডিসি কমিশনকে চাঁপ দেবে।" এমডিসি অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট মুগাবে ও তার দল জানু-পিএফ পার্টি ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে সাভাঙ্গিরাই বলেন, "দ্বিতীয় দফার নির্বাচনে এমডিসি লড়বে। আমিও প্রস্তুত এবং চূড়ান্ত প্রতিযোগিতার জন্য জনগণও প্রস্তুত।" দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নেওয়ার কথা শনিবারই প্রথম জানায় এমডিসি। এর আগে তারা দাবি করে আসছিল গত ২৯ মার্চের নির্বাচনে তাদের নেতা সাভাঙ্গিরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কাজেই দ্বিতীয় দফায় নির্বাচনের কোনো প্রয়োজন নেই। ২৯ মার্চের নির্বাচনের দীর্ঘদিন পর নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী সাভাঙ্গিরাই পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট এবং মুগাবে পান ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয়। এর পরপরই মুগাবে জানান, দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য তিনি প্রস্তুত। তবে সাভাঙ্গিরাই দাবি করে আসছিলেন দ্বিতীয় দফায় নির্বাচনের প্রয়োজন নেই। কাজেই তিনি ওই নির্বাচনে অংশ নেবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩৫ ঘ.