নাইজেরিয়া, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নাইজেরিয়ার বৃহত্তম নগরী লাগোসের কাছে একটি গ্রামে বুলডোজারের চাপায় ফেটে যাওয়া তেল পাইপলাইন বিস্ফোরণে বৃহস্পতিবার অন্ততপক্ষে ১শ জন নিহত হয়েছে। রেডক্রস একথা জানিয়েছে।
লাগোস থেকে ৫০ কিলোমিটার দূরে আইজেগুন গ্রামে রাস্তা তৈরির সময় মাটির নীচে পাতা তেল পাইপলাইন বুলডোজারের চাপায় ফেটে যায়। ফাটা পাইপ দিয়ে বেরিয়ে আসা তেলে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটে।
দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে পুড়ে গেছে আইজেগুন গ্রামের বাড়িঘর এবং স্কুল। আতঙ্কে ছুটে পালানো লোকজনদের পায়ের চাপায় নিহত হয়েছে স্কুল শিক্ষার্থীসহ বহু মানুষ।
ঘটনাস্থল থেকে রেডক্রসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, "এ পর্যন্ত ১শ' জনের মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। আর আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিশ্বের অষ্টম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় ২০০০ সাল থেকে একাধিক তেল পাইপলাইন বিস্ফোরণের ঘটনার মধ্যে এটিই সর্বশেষ। এ ধরনের ঘটনায় ২০০০ সাল থেকে এ পর্যন্ত নাইজেরিয়ায় ১২০০রও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১২৩৫ ঘ.
bdnews24