জয়পুর, ভারত, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়পুরে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে 'ইন্ডিয়ান মুজাহিদিন' নামক অপরিচিত এক জঙ্গি দল। মঙ্গলবার জয়পুরে ৮ টি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৬১ জন নিহত এবং ২১৬ জন আহত হয়। ৮ টি বোমার বেশির ভাগই বাাঁধা ছিল বাইসাইকেলে। পুলিশ একথা জানিয়েছে।
জয়পুর পুলিশ জানিয়েছে. জঙ্গি দলটি ই-মেইলে জাতীয় গণমাধ্যমে একটি ভিডিও ক্লিপ পাঠিয়েছে। এতে দেখা গেছে একটি প্যাকেট বাইসাইকেলে বাঁধা আছে। ই-মেইলে বলা হয়েছে, ওই প্যাকেটে বোমা আছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।
জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে ওই ভিডিও দেখানো হয়েছে। জাতীয় গণমাধ্যম বলেছে, ভিডিওতে একটি বাইসাইকেলের সিরিয়াল নাম্বার আছে। এই নাম্বার সম্ভবত বোমা বিস্ফোরণে ব্যবহৃত বাইসাইকেলটিকে আলাদা করে চিহ্নিত করে রাখার চেষ্টা। পুলিশ একথা বলেছে।
পুলিশ আরও জানায়, ই-মেইলে একটি বিবৃতিতে বলা হয়েছে, পর্যটন শিল্পকে কেন্দ্র করেই এই হামলার লক্ষ্য। যদিও হামলাটি হয়েছে পর্যটনের মন্দা মৌসুমে।
ইন্ডিয়ান মুজাহিদীন এরপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জয়পুরে রয়টার্সকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পঙ্কজ সিং বলেছেন, "আমরা দলটির দাবি এবং ভিডিওর সত্যাসত্য যাচাই করে দেখছি।"
ঊর্ধ্বতন আরেক পুলিশ কর্মকর্তা কে পি রঘুবানসি ইমেইলের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, "অতীতেও বোমা হামলার দায় স্বীকারের এমন ঘটনা ঘটেছে যেগুলো পরে মিথ্যা প্রমাণিত হয়েছে।"
তিনি আরও বলেন, "দলটি সম্পর্কে আমরা কোনো তথ্য পাইনি এবং তাদের সত্যতা নিয়ে আমাদের সন্দেহ আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫১ ঘ.
bdnews24