২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৫ লাখ লোক: জাতিসংঘ

মিয়ানমারের ঘূর্ণিঝড়ে ২৫ লাখ লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বুধবার হিসাব দিয়েছে জাতিসংঘ। ক্ষতির শিকার এইসব মানুষদের জন্য জাতিসংঘ উচ্চ পর্যায়ের দাতা সম্মেলন করারও প্রস্তাব দিয়েছে। কিন্তু মিয়ানমার জান্তা এখনও বিদেশি সাহায্য সরবরাহে কড়াকড়ি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 04:23 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ইয়াঙ্গুন, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের ঘূর্ণিঝড়ে ২৫ লাখ লোক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বুধবার হিসাব দিয়েছে জাতিসংঘ। ক্ষতির শিকার এইসব মানুষদের জন্য জাতিসংঘ উচ্চ পর্যায়ের দাতা সম্মেলন করারও প্রস্তাব দিয়েছে। কিন্তু মিয়ানমার জান্তা এখনও বিদেশি সাহায্য সরবরাহে কড়াকড়ি করছে। আগের হিসাবে মিয়ানমারে ১৫ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হলেও পরবর্তী হিসাবে তা আরও বেড়ে ২৫ লাখে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ত্রাণ কর্মকর্তা বলেছেন, ত্রাণ সরবরাহে সামরিক জান্তার কড়াকড়ির কারণে মিয়ানমারে অনাহার ও রোগবালাইয়ের ঝুঁকি বাড়ছে। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা জন হোমস সাংবাদিকদের বলেছেন, ১৬ থেকে ২৫ লাখ লোক ঘূর্ণিঝড় নার্গিসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জরুরি ভিত্তিতে সাহায্য দরকার। থাই প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ মিয়ানমারের প্রধানমন্ত্রী থিয়েন সিয়েনের সঙ্গে ইয়াঙ্গুনে দেখা করে তাকে ত্রাণকর্মীদের ভিসা শিথিল করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু থিয়েন তাকে জানিয়ে দিয়েছেন, মিয়ানমার নিজেই সঙ্কট সামাল দিতে সক্ষম। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে ঝড়ে নিহতের সংখ্যা ৩৮,৪৯১ বলা হয়েছে। ওদিকে, 'দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস' মিয়ানমারে কর্মরত ২২ টি প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যেও ভিত্তিতে মৃতের সংখ্যা ৩৮, ৪৯১ বলে জানিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ত্রাণ সরবরাহে মিয়ানমার জান্তার ধীর সাড়ায় হাতাশা প্রকাশ করেছেন। সঙ্কট মোকাবেলায় তিনি উচ্চ পর্যায়ের দাতা সম্মেলন করার আহ্বান জানান। এশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ এবং মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানানোর পাশাপাশি বান জাতিসংঘ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের যৌথ ত্রাণ সমন্বয়ক নিয়োগেরও আহ্বান জানান। তাদের কাজ হবে ত্রাণ সরবরাহ তদারক করা। হোমসকে খুব শিগগিরি মিয়ানমারে পাঠানো হবে বলেও জানান বান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৭৩২ঘ.