জয়পুর, ভারত, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়পুরে বোমা বিস্ফোরণের পরদিন বুধবার সেখানে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার জয়পুরে পরপর আটটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত এবং আরও ১৫০ জন আহত হয়েছেন।
বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে দায়ী করেনি।
বোমাগুলোর মধ্যে কয়েকটি সাইকেলের সঙ্গে বেঁধে সাইকেল স্ট্যান্ডে রাখা ছিল। 'গোলাপী শহর' নামে খ্যাত জয়পুরের বিখ্যাত মন্দির এবং বিখ্যাত পর্যটন কেন্দ্র ও বড় মার্কেটগুলোর সামনে এসব সাইকেল রেখে দেওয়া হয়। বিস্ফোরণের পর সেসব এলাকায় ভাঙা কাঁচ, জুতা-স্যান্ডেল, ব্যাগ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
শহরটির প্রধান এলাকাগুলো এখও জনশূন্য। কয়েকশ' পুলিশ ধ্বংস স্তুপের ভেতর থেকে আলামত খুঁজছে।
কারফিউ জারির আগে থেকেই সাধারণ জয়পুরবাসীরা ভয়ে আতঙ্কে ঘর থেকে বের হচ্ছিলেন না।
মঙ্গলবারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে অনিল সাক্সেনা নামের একজন স্বর্ণ ব্যবসায়ী বলেন, "আমরা খুবই ভয় পেয়েছিলাম এবং এখানটা ধোঁয়ায় ভরে যাওয়ায় আমরা প্রায় সবাই-ই দৌঁড়ে পালানোর চেষ্টা করি এবং সাহায্যের জন্য এদিক ওদিক ছোটাছুটি করি।"
পুলিশ বিখ্যাত পর্যটন কেন্দ্র 'হাওয়া মহল' এর সামনে রাস্তা থেকে রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করেছে।
বিস্ফোরণে আহত বিক্রম সিং নামের এক কলেজ ছাত্র হাসপাতাল থেকে বলেন, "সেখানে কয়েকশ' লোক আমার মতোই প্রার্থনা করতে এসেছিল। আমি অবাক হচ্ছি সেখানে কি হচ্ছিল যে মন্দিরের ভেতরে বিস্ফোরণ হল।"
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়ার স্থানীয় গণমাধ্যমকে বলেন, "এই বিস্ফোরণের সঙ্গে অন্য কোনো দেশ জড়িত থাকতে পারে।"
তবে জয়পুরের পুলিশ জানায়, বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা তারা নিশ্চিত নন।
রাজস্থান পুলিশের প্রধান এ এস গিল বলেন, "হামলার সঙ্গে কারা জড়িত তা এত তাড়াতাড়ি বলা মুশকিল এবং বিস্ফোরণ ঘটানোর জন্য যেসব জিনিস ব্যবহার করা হয়েছে এবং কি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে আমরা তা বিশ্লেষণ করে দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৮ ঘ.
bdnews24