ওয়াশিংটন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক যুদ্ধে নিহত মার্কিনিদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৩ সালেই গলফ খেলা ছেড়ে দিয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ।
ইয়াহু এণ্ড পলিটিকো ডটকম এর সঙ্গে এক সাক্ষাৎকারে বুশ বলেছেন, "আমি চাই না সদ্য নিহত কোনো ছেলের মা কমান্ডার-ইন-চিফকে গলফ খেলতে দেখুক।"
তিনি আরও বলেন, "ওই সমস্ত পরিবারের কাছে আমার নিজেকে ঋণী মনে হয়। আর সেকারণে যতোটা সম্ভব তাদের সঙ্গে আমার সংহতি প্রকাশ করা উচিত বলে মনে করি। সেজন্যই যুদ্ধের সময় গলফ খেলাটাকে আমার কাছে ভুল বলেই মনে হয়।"
বুশ জানান, ইরাক যুদ্ধের বছর ২০০৩ সালের আগস্টে তিনি শেষবারের মতো গলফ খেলেছেন।
সে সময় ইরাকে ট্রাক বোমায় বাগদাদের জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ দূত সার্জিও ডি মেলোসহ ২২ জন নিহত হওয়ার খবর পাওয়ার পরই বুশ গলফ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এ খবর পেয়ে বুশ গলফ মাঠ ছেড়ে বেরিয়ে আসেন এবং বলেন, আর খেলা ঠিক না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৩০০ ঘ.
bdnews24