জয়পুর, ভারত, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের জয়পুর শহরে মঙ্গলবার বোমা বিস্ফোরণে ৬০ জনের বেশি নিহত হতে পারে। রাজ্য মূখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে'র বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।
রাজ্যের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রোহিত সিং স্থানীয় টেলিশভিনকে জানিয়েছেন, বিস্ফোরণে ৫০ থেকে ৬০ জন নিহত হয়েছে। তিনি বলেন, "আমি এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী, ছয়টি বিস্ফোরণে ৫০ থেকে ৬০ জন নিহত হয়েছে।
এর আগে রাজ্য পুলিশ জানিয়েছিল বিস্ফোরণে ২০ জনের বেশি নিহত হয়েছে।
বিস্ফোরণে কত জন নিহত হয়েছে এই প্রশ্নের জবাবে জয়পুরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কানাইয়া লাল এর আগে সিএনএন-আইবিএন টেলিভিশনকে বলেন, "২০ জনের বেশি নিহত হতে পারে।"
তবে বিবিসি জানিয়েছে, শহরের একটি ঐতিহাসিক স্মৃতিসৌধের কাছে মানুষের ভিড়ের মধ্যে কয়েক দফা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রাজ্য পুলিশের প্রধান বিস্ফোরণকে সন্ত্রসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২৪ ঘ.
bdnews24