২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জোট সরকার থেকে বেরিয়ে যাচ্ছে নওয়াজের দল

পাকিস্তানের জোট সরকার থেকে বেরিয়ে যাচ্ছে সাবেক প্রধানন্ত্রী নওয়াজ শরীফের দল। সোমবার রাতে ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফ এক সংবাদ সম্মেলনে ওই সিদ্ধান্ত ঘোষণা করেন। (আরও তথ্যসহ -১ )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 05:35 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ইসলামাবাদ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের জোট সরকার থেকে বেরিয়ে যাচ্ছে সাবেক প্রধানন্ত্রী নওয়াজ শরীফের দল। সোমবার রাতে ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফ এক সংবাদ সম্মেলনে ওই সিদ্ধান্ত ঘোষণা করেন। এতে করে আবারও রাজনৈতিক অনিশ্চয়তায় পড়ল পাকিস্তান। (আরও তথ্যসহ -১ ) বরখাস্ত বিচারকদের পুনর্বহালের ইস্যুতে জোটের প্রধান শরীক দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান আসিফ আলি জারদারির সঙ্গে লন্ডনে তিনদিনের আলোচনা রোববার কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন নওয়াজ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নওয়াজের দলের মন্ত্রীদের। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন পিপিপির সঙ্গে জোট সরকারে যোগ দেওয়ার পূর্বশর্ত হিসাবে নওয়াজ ৬০ জন বরখাস্ত বিচারককে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নভেম্বরে জরুরি অবস্থার মধ্যে ওই বিচারকদের বরখাস্ত করেন। নওয়াজের ওই দাবি নিয়ে লন্ডনে তার সঙ্গে পিপিপি প্রধান জারদারির তিনদিন ব্যাপী আলোচনা রোববার কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এরপর এক সংবাদ সম্মেলনে নওয়াজ সরকার থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দলের মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মন্ত্রীসভার ২৪ জন মন্ত্রীর মধ্যে ৯ জনই পিএমএল-এন এর। এর মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী ইসহাক দ্বার। অর্থনৈতিক সমস্যা জর্জরিত পাকিস্তানে আগামী কয়েকদিনের মধ্যেই বার্ষিক বাজেট পেশ করার কথা ছিল তার। নওয়াজ অবশ্য বলেছেন, মন্ত্রীসভা থেকে বেরিয়ে এলেও তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকারকে সমর্থন দিয়ে যাবেন। নওয়াজ বলেন, কিছু সময়ের জন্য আমরা বিরোধীদলে বসছি না। জুনে উপনির্বাচনের জন্য নওয়াজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নওয়াজ এমন এক দিনে সরকার থেকে বেরিয়ে আসার ওই সিদ্ধান্ত নিলেন যেদিন কমনওয়েলথ পাকিস্তানকে সদস্যপদ ফিরিয়ে দিল। প্রেসিডেন্ট মুশাররফ নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারির পর কমনওয়েলথ পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছিল। সাবেক সরকারের মন্ত্রী ও রাজনৈতিক বিশ্লেষক শাফকাত মাহমুদ নওয়াজের সিদ্ধান্তকে 'পাকিস্তানের জন্য দু:খের দিন' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশের জনগণ চেয়েছিল এই জোট সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে এবং বিচারবিভাগকে সক্রিয় করে মুশাররফকে হটিয়ে দিক। কিন্তু এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা বলা মুশকিল। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের পশ্চিমা মিত্ররাও এ পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১২৩৫ ঘ.