বেইজিং, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের সিচুয়ান প্রদেশে সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে এপর্যন্ত পাঁচ স্কুল ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিনহুয়া। এছাড়াও বহু ঘরবাড়ি, দালানকোঠা ক্ষতিগ্রস্ত হওয়া সহ প্রায় শতাধিক মানুষের আহত হওয়ার কথা জনিয়েছে দেশটির এ সরকারি সংবাদ সংস্থা।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের ওয়েব সাইটের প্রাথমিক খবরে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৮ বলে উল্লেখ করলেও পরে তা ৭ দশমিক পাঁচ বলে জানিয়েছিল। কিন্তু আবারও তা ৭ দশমিক ৮ বলে জানায় সংস্থাটি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রাদেশিক রাজধানী চেংডুর ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূকম্পন অনুভূত হয়েছে বেইজিং, সাংহাই পেরিয়ে সুদূর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। কেঁপে ওঠে অফিস বিল্ডিংগুলো।
চেংডুর এক অফিস কর্মীর উক্তি, "আমরা তিন/চার মিনিট ধরে কম্পন অনুভব করেছি। সবাই সিঁড়ি দিয়ে দৌড়ে নীচে নামছে। এখনও সামান্য কাঁপুনি টের পাওয়া যাচ্ছে।"
পাশ্ববর্তী চংগিং এলাকার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কথায়, লোকজন বাইরে বের হও বাইরে বের হও করে চেঁচাচ্ছে। সেকারণে আমরা সবাই ডর্মের বাইরে বেরিয়ে এসেছি।
তবে ভুমিকম্পে চীনের সাবওয়ে সিস্টেমে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। চীনের ভূমিকম্প পর্যবেক্ষণকারী প্রশাসনের মুখপাত্র বলেছেন, তারা এখনও ভূমিকম্পের উৎসস্থল এবং মাত্রা পরীক্ষা করে দেখছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএমটি/১৬০৪ ঘ.
bdnews24