ইয়াঙ্গুন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে প্রলঙ্ককরী ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাওয়া দুর্গত মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকার পড়ে গেছে। খাদ্য, পনি ও ওষুধের জন্য রোববার হাজার হাজার মানুষ হন্যে হয়ে ছুটে বেড়িয়েছে। সামান্য ত্রাণ কোথাও পৌঁছানের খোঁজ পেলেই হুমড়ি খেয়ে পড়ছে ক্ষুধা-তৃষ্ণায় কাতর মানুষগুলো। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, এরপরও ত্রাণ দিতে আরও দেরি করা হলে সেখানে চরম বিপর্যয় ঘটে যেতে পারে।
ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পার হওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে আশঙ্কা করা হচ্ছে এই বিপর্যয়ে প্রায় ১ লাখ লোক নিহত হয়ে থাকতে পারে। যদিও সরকারি হিসাব মতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দাড়িয়েছে ২৩ হাজার এবং নিখোঁজ আছে ৪২ হাজারের বেশি মানুষ।
ওই ঘূর্ণি ঝড়ের পর সহায়-সম্বলহীন প্রায় ১৫ লাখ মানুষ এলাকার স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে গড়ে তোলা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের জন্য সেখানে পৌছাচ্ছে না যথেষ্ট ত্রাণ।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে ধীরগতির উদ্ধার ও ত্রাণ তৎপরতা এবং বিদেশি ত্রাণবাহী বিমান অবতরণ ও ত্রাণকর্মীদের ভিসা প্রদানে বিলম্বের কারণে মিয়ানমারের জান্তা সরকারের ওপর জনগণের ক্ষোভ বাড়ছে।
এই অবস্থায় সরকার গত শুক্রবার জানিয়েছে বিদেশি উদ্ধারকর্মীদের ত্রাণ বিতরণ করতে দেওয়া হবে না। সরকারি এক বিবৃতিতে বলা হয়, "সরকার বরং বিদেশি ত্রাণ সাহায্য গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং দুর্গত এলাকায় নিজেদের ত্রাণকর্মীরাই সেগুলো বিতরণ করবে।"
মারাত্মক এই দুর্যোগকে উপেক্ষা করে গত শনিবার মিয়ানমারে গণভোটের ভোট গ্রহণ করেছে সরকার। সামরিক জান্তার রচিত নতুন সংবিধান গ্রহণের প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হয়। নার্গিসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ লাখ লোকের জন্য জরুরি সাহায্য, উদ্ধার ও ত্রাণ তৎপরতার স্বার্থে এ গণভোট পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল আন্তর্জাতিক স
bdnews24