২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জিততে ব্লেয়ারের পরামর্শ নিচ্ছেন ব্রাউন: শেরি ব্লেয়ার

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আগামী নির্বাচনে জেতার জন্য তার পূর্বসূরী সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার শনিবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আগামী নির্বাচনে জেতার জন্য তার পূর্বসূরী সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার শনিবার এ কথা জানিয়েছেন। 'দ্য টাইমস' ও 'দ্য সান' পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শেরি ব্লেয়ার জানিয়েছেন, ডাউনিং স্ট্রিটে এক দশক পাশাপাশি কাজ করলেও ব্লেয়ার ও ব্রাউনের মধ্যে সম্পর্ক মোটেও ভালো ছিল না। শেরি জানান, ২০০৪ সালের এপ্রিলে ব্রিটেনকে ইরাক যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে ব্লেয়ার যখন জনগণের কাছ থেকে চরম বিরোধিতার মুখোমুখে ঠিক তখনই ব্লেয়ার জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে উঠেছিলেন ব্রাউন। সান পত্রিকাকে শেরি বলেন, " আমি জানি, ব্লেয়ার যখন ক্ষমতা ছাড়ার জন্য একেবারেই প্রস্তুত নন তখনই ব্রাউন তার ওপর চাপ বাড়িয়েছেন।" ব্রাউন যদি ব্লেয়ারর সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমে সমর্থন দিতেন তাহলে ব্লেয়ার আরও আগেই ক্ষমতা ছেড়ে দিতেন বলে জানান শেরি। টাইমস পত্রিকাকে শেরি বলেন, "ব্রাউনের বিরোধিতায় পড়ে ব্লেয়ার দেখলেন, তিনি যা সঠিক মনে করছেন তা বাস্তবায়নের জন্য ক্ষমতায় থাকা ছাড়া কোনো বিকল্প নেই।' সান পত্রিকাকে তিনি আরও বলেন, "ব্লেয়ার অনেকবারই চিন্তা করেছেন সরে দাড়াবেন। কিন্ত আমি তখন তাকে বুঝিয়েছি, এটা ঠিক হবে না।" শেরি জানান, ১৯৯৪ সালে এক সমঝোতার মাধ্যমে ব্রাউন রাজি হয়েছিলেন ব্লেয়ারকে লেবার পার্টি থেকে নির্বাচন করতে দেওয়ার ব্যাপারে। তবে শর্ত ছিলো ব্লেয়ার সময়মত সরে দাড়াবেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্রাউন অধৈর্য হয়ে পড়লে দু'জনের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। শেরি ব্লেয়ার খুব শিগগির তার স্মৃতিচারণমূলক বই 'স্পিকিং ফর মাইসেল্ফ' প্রকাশ করবেন। বইটি প্রকাশের আগ মূহুর্তে তিনি সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে এত সব কথা জানালেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩৭ ঘ.