জেরুজালেম, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আমেরিকান এক ব্যাবসায়ীর কাছ থেকে অর্থ গ্রহণের কথা স্বীকার করার পরও দুর্নীতির অভিযোগে পদত্যাগের আহ্বান শুক্রবার নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট এহুদ ওলমার্ট।
ওলমার্ট পদত্যাগ করলে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। তবে চারিদিক থেকে একের পর এক পদত্যাগের আহ্বান আসলেও তিনি দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াচ্ছেন না।
ইসরায়েলের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ওলমার্ট জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল যদি তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ হাজির করতে পারে তাহলেই তিনি পদত্যাগ করবেন।
আগামী সপ্তাহে ইসরায়েলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে স্বাগত জানাবেন ওলমার্ট। তার আগে এত সব পদত্যাগের আহ্বান সত্ত্বেও শুক্রবার জেরুজালেমে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তাকে মোটেও উদ্বিগ্ন মনে হয়নি।
পদত্যাগের আহ্বান দূরে ঠেলে তিনি শুধু এটুকু বলেন, "সামলানোর মতো অনেক রাজনৈতিক ইস্যু এখনও আমার হাতে রয়ে গেছে ।"
আইনি সূত্র জানিয়েছে, নিউ ইয়র্কের এক ব্যাবসায়ীর কাছ থেকে ওলামার্ট লাখ লাখ ডলার নিয়ে থাকতে পারেন বলে পুলিশ সন্দেহ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৪৮ ঘ.
bdnews24