গাজা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কায়রো ও হামাসের মধ্যে চুক্তি অনুযায়ী হামাস নিয়ন্ত্রিত গাজা এবং মিসরের মধ্যকার প্রধান সীমান্ত পারাপার চৌকিটি শনিবার থেকে তিন দিনের জন্য খুলে দিচ্ছে মিসর। বৃহস্পতিবার হামাস কর্মকর্তারা একথা জানিয়েছেন।
গত ফেব্র"য়ারিতে হামাস যোদ্ধারা রাফাহ ক্রসিংয়ে গাজা- মিসর সীমান্তের সীমানা প্রাচীর ভেঙে দিলে সীমান্তটি পুনরায় বন্ধ করে দেয় মিসর। এর পর থেকে বেশির ভাগ সময়ই বন্ধ ছিল সীমান্ত।
হামাসের ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির বিষয় নিয়ে মধস্থতাকারী হিসেবে আলোচনা করছে মিসর। যুদ্ধবিরতির আলোচনায় সীমান্ত পারাপারের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মিসরের মধ্যস্থতা প্রস্তাবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রনে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হামাস কর্মকর্তা আইমান তাহা জানান, গাজার অসুস্থ লোকদের শনিবার মিসরে যাওয়ার অনুমতি প্রদান করা হবে। এছাড়াও মিসরের পাসপোর্টধারী ফিলিস্তিনি এবং অন্যান্য বিদেশিদের রোববার ও সোমবার গাজা থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
মিসরের নিরাপত্তা সূত্রগুলো জানায়, তিন দিনের জন্য সীমান্ত খুলে দেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে গাজার আহত লোকজনকে মিসরে এসে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া এবং গাজায় আটকে পড়া মিসরিদের ফিরে আসার সুযোগ করে দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬৪৫ ঘ.
bdnews24