২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ঘূর্ণিঝড়ে ১৫ লাখ লোক মারাত্মক ক্ষতিগ্রস্ত: জাতিসংঘ

মিয়ানমারে আঘাত হানা ঘূর্ণিঝড় নার্গিসের কবলে পড়ে দেশটির প্রায় ১৫ লাখ লোক "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত" হয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার একথা বলেছে। অন্যদিকে একইদিনে যুক্তরাষ্ট্র দেশটিতে সাহায্য পাঠানোর অনুমতি প্রদানে বিলম্ব করার জন্য জান্তা সরকারের আচরণকে নির্মম বলে অভিহিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ইয়াঙ্গুন, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে আঘাত হানা ঘূর্ণিঝড় নার্গিসের কবলে পড়ে দেশটির প্রায় ১৫ লাখ লোক "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত" হয়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার একথা বলেছে। অন্যদিকে একইদিনে যুক্তরাষ্ট্র দেশটিতে সাহায্য পাঠানোর অনুমতি প্রদানে বিলম্ব করার জন্য জান্তা সরকারের আচরণকে নির্মম বলে অভিহিত করেছে। ঘূর্ণিঝড়ের এক সপ্তাহ পার হওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে আশঙ্কা করা হচ্ছে যে, প্রায় ১ লাখ লোক নিহত হয়ে থাকতে পারেন এই বিপর্যয়ে। নার্গিসের আঘাতে দেশটির নিম্নাঞ্চল ইরাবতী ব-দ্বীপের শহরগুলোর পাশাপাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত কৃষি খামার ও গ্রামগুলোর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার পর্যন্তও ঝড়ের কবল থেকে বেঁচে যাওয়া লোকজনকে জরুরি ত্রাণের জন্য অপেক্ষা করতে হয়েছে। জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত জালমাই খলিলজাদ মিয়ানমারের জান্তা সরকারের জরুরি সাহায্য গ্রহণের ধীরগতি ও বিলম্বে অনুমতি প্রদান প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, " সহযোগিতা গ্রহণের বিষয়ে মিয়ানমারের সরকারের সাড়া দেওয়ার ধীর গতিতে আমরা মর্মাহত হয়েছি।" তিনি বলেন, "এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় দেশটির সরকারের সামর্থ্য যে সীমিত সেটা পরিষ্কার।" জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা এবং রেড ক্রস/রেড ক্রিসেন্ট জানায়, মিয়ানমারের সামরিক সরকারের গড়িমসির পর অবশেষে তারা জরুরি ত্রাণ পাঠানো শুরু করতে পেরেছেন। এছাড়া সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান পাঠানোর বিষয়টি অনুমতির অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, "আমরা সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত এবং এখনই সাহায্য করতে প্রস্তুত,আর এটা খুবই দুঃখজনক হবে যদি এটা গ্রহণ করা না হয়।" এছাড়াও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস মাস্টিন এবং অ্যাসেক্স এক্সপেডিশনারি স্ট্রাইক ফোর্সের তিনটি নৌযান মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানান, তিনি দেশটির জান্তা সরকারের প্রধান থান শ'র সঙ্গে ত্রাণ সহায়তা প্রদানের বাঁধা অপসারনের বিষয়ে সরাসরি আলোচনা করতে চান। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক প্রধান জন হোমসকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে, সাহায্য কর্মীদের ভিসা দেওয়ার বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের অনাগ্রহের সঙ্গে দেশটিতে অনুষ্ঠেয় গণভোটের কোনো সম্পর্ক আছে বলে তিনি মনে করেন কি না। হোমস বলেন, "গণভোট বিষয়ক কোনো জটিলতা থাকতে পাওে বা নাও পারে, কিন্তু আমার লক্ষ্য প্রকৃতপক্ষেই দূর্গত জনগণের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া।" তবে সহায়তা গ্রহণের অনুমতির বিষয়ে জান্তা সরকারের বিলম্বের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করাই ভালো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০৬ ঘ.