২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পৌঁছাতে শুরু করেছে জাতিসংঘ সাহায্য

ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য বৃহস্পতিবার থেকে মিয়ানমার পৌঁছাতে শুরু করেছে জাতিসংঘের জরুরি সাহায্য। তবে গত শনিবারের ওই প্রবল ঘূর্ণিঝড়ের পর ছয় দিন পেরিয়ে গেলেও ত্রাণ তৎপরতা পুরোদমে শুরু না হওয়ায় দেশটির জান্তা সরকারের ওপর জনগণের ক্ষোভ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 07:39 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ইয়াঙ্গুন, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য বৃহস্পতিবার থেকে মিয়ানমার পৌঁছাতে শুরু করেছে জাতিসংঘের জরুরি সাহায্য। তবে গত শনিবারের ওই প্রবল ঘূর্ণিঝড়ের পর ছয় দিন পেরিয়ে গেলেও ত্রাণ তৎপরতা পুরোদমে শুরু না হওয়ায় দেশটির জান্তা সরকারের ওপর জনগণের ক্ষোভ বাড়ছে। গত শনিবার ভোররাতে মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও ইরাবতী ব-দ্বীপ অঞ্চলে ১২০ মাইল বেগে আঘাত হানে তিন মাত্রার ঘূর্ণিঝড় নার্গিস। সরকারি হিসাবমতে এতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫শ জন এবং নিখোঁজ রয়েছে আরও ৪১ হাজার মানুষ। তবে দেশটিতে নিযুক্ত কূটনীতিকেরা জানিয়েছেন, তাদের আশঙ্কা ঘূর্ণিঝড়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া আশ্রয়হীন হয়েছে প্রায় দশ লাখ। মিয়ানমারের ঘূর্ণি দুর্গতদের জন্য ভারত, জাপান, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ সাহায্য পাঠাতে শুরু করেছে। এছাড়া জাতিসংঘের সাহায্যবাহী বিমানও মিয়ানমার আসতে শুরু করেছে। ব্যাংককে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র পল রিসলে বলেন, "সাহায্য নিয়ে প্রথম বিমানটি পৌঁছে গেছে এবং অন্য তিনটি বিমান আজ সকালে (বৃহস্পতিবার) পৌঁছানোর কথা রয়েছে।" তবে ব্যাংককে বিশ্ব খাদ্য কমসূচির আরেক কর্মকর্তা অভিযোগ করেছেন, মিয়ানমারের সাররিক জান্তার প্রতিবন্ধকতার জন্য সেখানে জরুরি সাহায্য পৌঁছাতে বিলম্ব হচ্ছে। খাদ্য বোঝাই তিনটি বিমান সরকারি বাধানিষেধের কারণে আটকে আছে। টনি বানবুরি নামের ওই কর্মকর্তা বলেন, "দুর্গত লোকদের আজই সাহায্য দরকার। আগামীকালও দরকার হবে। অপেক্ষা করার মতো অবস্থা তাদের নেই এবং খাদ্যের জন্য তাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতেও বলা চলে না। খাদ্য, পানি ও চিকিৎসা সাহায্য এখন সেখানে সময় মত পৌঁছানো দরকার।" ঝড়ে বেঁচে যাওয়া অসংখ্য মানুষকে থাকতে হচ্ছে খোলা আকাশের নীচে। ক্ষুধা, তৃষ্ণায় কাতর এইসব মানুষের মধ্যে রোগ-বালাই ছড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহি পরিচালক অ্যান ভেনেম্যান এক বিবৃতিতে বলেছেন, এ পরিস্থিতিতে শিশুদেরই রোগাক্রান্ত হওয়ার এবং অনাহারে থাকার ঝুঁকি বেশি। বাঁচার জন্য তাদের অবিলম্বে সাহায্য দরকার। ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ এবং নোংরা পানির কারণে দুর্গত মানুষদের মধ্যে কলেরা এবং ডায়রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতি থেকে লোকজনদের রক্ষায় ত্রাণকার্যক্রম চালাতে দেওয়ার ব্যাপারে মিয়ারনমারের কঠোর সেনাশাসন শিথিলের আহ্বান জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৩৩১ ঘ.