হারারে, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি এবং বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) গত ২৯ মার্চের পার্লামেন্ট নির্বাচনের অর্ধেক আসনের ফলাফল নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার একথা জানিয়েছে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত হেরাল্ড পত্রিকা জানিয়েছে, ২১০ আসনের পার্লামেন্টের মধ্যে ১০৫টির ফলাফল নিয়ে আদালতে গেছে জানু-পিএফ ও এমডিসি। এর মধ্যে জানু-পিএফ চ্যালেঞ্জ জানিয়েছে, ৫৩টি আসনের ফলকে এবং ৫২টি'র ফল নিয়ে আপত্তি জানিয়েছে এমডিসি।
এই ১০৫টি আসনে দু'দল থেকে পরাজিত প্রার্থীরাই নির্বাচনী আদালতে ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেছেন। মামলাগুলোতে ভীতি প্রদর্শন, ভোট কেনাবেচা ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
আইন অনুযায়ী, নির্বাচনী আদালত আগামী ছয় মাসে এ সমস্ত মামলার সুরাহা করবে। এছাড়া, আরো ছয় মাস সময় দেওয়া হবে আপিল করার জন্য।
এ সমস্ত মামলার শুনানির জন্য প্রধান বিচারপতি অতিরিক্ত ১৭ জন বিচারককে নিয়োগ দিয়েছেন।
এছাড়া, আদালত জানিয়েছে, এই আইনি জটিলতার কারণে নতুন পার্লামেন্টের কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়ে পার্লামেন্টে যোগ দিতে পারবেন। তবে মামলার রায়ে আদালত কোনো আসন শুন্য ঘোষণা করলে সেখানে তখন উপ-নির্বাচন হবে।
সাধারণত নির্বাচনের এক সপ্তাহের মধ্যে পার্লামেন্ট সদস্যরা শপথ নেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে অচলবস্থার কারণে পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ কবে অনুষ্ঠিত হতে পারে তা এখনও নিশ্চিত নয়।
গত ২৯ মার্চ পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ বিলম্ব শেষে নির্বাচন কমিশন গত মাসে জানিয়েছে, বিরোধীনেতা মরগান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে হারালেও কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদেরকে দ্বিতীয় দফায় লড়তে হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।
এরপর প্রেসিডেন্ট মুগাবে জানিয়ে দিয়েছেন, তিনি দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নেবেন।
তবে মরগান সাভিঙ্গরাই জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জিতেছেন। কাজেই দ্বিতীয় দফায় নির্বাচনের প্রয়োজন নেই। সে অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১৫ ঘ.
bdnews24