ব্রাসেলস, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জর্জিয়ার আবখাজিয়া অঞ্চলে রাশিয়ার অতিরিক্ত সেনা মোতায়েন যুদ্ধের পট প্রস্তুত করেছে। ফলে যুদ্ধের দারপ্রান্তে পৌঁছেছে মস্কো এবং তিবিলিসি। সাবেক সোভিয়েত রাষ্ট্র জর্জিয়ার এক মন্ত্রী মঙ্গলবার একথা বলেছেন।
সম্ভাব্য যুদ্ধের এই পরিস্থিতিটা এখন কিরকম জিজ্ঞেস করা হলে জর্জিয়ার মন্ত্রী তেমোর ল্যাকোবাসভিলি ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, "যুদ্ধের অত্যন্ত কাছাকাছি একটি অবস্থা বিরাজ করছে। কারণ আমরা রুশদেরকে ভালোভাবেই চিনি।"
তিনি আরও বলেন, "জর্জিয়ার বিরুদ্ধে প্রচার-প্রপাগাণ্ডা চাললেই আমরা জানি এটি কিসের লক্ষণ। মিথ্যা তথ্যের ভিত্তিতে আমরা রাশিয়ার সেনাদের আমাদের ভূখন্ডে প্রবেশ করতে দেখছি।"
উল্লেখ্য, ককেশাস অঞ্চলে জর্জিয়াই প্রধান জ্বালানি ট্রানজিট রুট। জর্জিয়ার ন্যাটোর সদস্যপদ লাভের চেষ্টা রাশিয়াকে ক্ষুব্ধ করেছে।
গত এপ্রিলের ন্যাটো সম্মেলনে জর্জিয়া আপাতত সদস্যপদ না পেলেও কোনো না কোনোদিন তা পাওয়ার আশ্বাস পেয়েছে।
ওদিকে, আবখাজিয়ায় জর্জিয়ার হামলা পরিকল্পনা থাকার অজুহাতে রাশিয়া এর পাল্টা ব্যবস্থা হিসাবে সেখানে সেনা মোতায়েন করছে বলে দাবি করেছে।
গত এপ্রিলে আবখাজিয়ায় রুশ সেনাদের হাতে এক অধিবাসী নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৬ঘ.
bdnews24