২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন শেষে দলে বিভক্তির আশঙ্কায় ডেমোক্র্যাটরা

প্রেসিডেন্ট পদপ্রার্থীতার মনোনয়ন প্রক্রিয়া চলাকালে দলীয় সমর্থকদের মধ্যে বিভক্তি দেখা দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু হিলারি-ওবামার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরষ্পরের অনুগতদের মধ্যে যে ভয়াবহ তিক্ততা তৈরী হচ্ছে তাতে মনোনয়ন শেষ হয়ে যাওয়ার পর দলে বড় ধরনের বিভক্তির আশঙ্কা করছেন ডেমোক্র্যাটরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

শেলবিভিল, ইন্ডিয়ানা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট পদপ্রার্থীতার মনোনয়ন প্রক্রিয়া চলাকালে দলীয় সমর্থকদের মধ্যে বিভক্তি দেখা দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু হিলারি-ওবামার হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরষ্পরের অনুগতদের মধ্যে যে ভয়াবহ তিক্ততা তৈরী হচ্ছে তাতে মনোনয়ন শেষ হয়ে যাওয়ার পর দলে বড় ধরনের বিভক্তির আশঙ্কা করছেন ডেমোক্র্যাটরা। এমন হলে হিলারি-ওবামার যেই মনোনয়ন পান না কেন রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে নিজের পক্ষে ডেমোক্র্যাট সমর্থকদের ঐক্যবদ্ধ রেখে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের মূল লড়াইয়ে নামাটা তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, হিলারি ক্লিনটনের সমর্থকদের ৩০ ভাগই বলেছেন যে, তারা ওবামাকে ভোট দেবেন না। অন্যদিকে, বারাক ওবামার সমর্থকদের ২২ ভাগ বলেছেন, তারা হিলারিকে ভোট দেবেন না। এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল ওই জরিপ চালায়। অবশ্য ডেমোক্র্যাট দলীয় নীতি নির্ধারকরা বলছেন যে, আগস্টের সম্মেলনের মধ্যে দিয়ে প্রার্র্থী মনোনয়ন চূড়ান্ত হয়ে গেলে সমর্থকদের মধ্যে বিরোধ অবসান করে দলীয় ঐক্য জোরদার করার পদক্ষেপ নেওয়া হবে এবং রিপবালিকানদের বিরুদ্ধে লড়াইয়ে সবাই একাট্টা হবেন। কিন্তু যতই দিন যাচ্ছে হিলারি-ওবামার আক্রমণাত্মক নির্বাচনী প্রচারাভিযানও ততই শাণিত হচ্ছে এবং দলীয় সমর্থকদের মধ্যে তিক্ততা বাড়ছে। ইন্ডিয়ানার আবাসন ব্যবসায়ী ডেমোক্র্যাট সমর্থক জিনজার স্মিথ বলেছেন, তিনি এতদিন ধরে হিলারির পক্ষে লড়ে এসেছেন এবং ওবামা মনোনয়ন পেলেও তার পক্ষে আর ওবামাকে ভোট দেওয়া সম্ভব নয়। ৪৮ বছর বয়সী স্মিথ বলেন, "আমি মনে করি একজন নারীরই প্রেসিডেন্ট হওয়া উচিৎ। তিনি (ওবামা) অনেক বেশী নমনীয়, তার অভিজ্ঞতা নেই... আমি তাকে বিশ্বাস করি না, এটাই আমার সোজা সাপ্টা কথা।" স্মিথকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রার্থী নির্বাচিত হলে তিনি কি করবেন? এ প্রশ্নের জবাবে তিনি তাৎক্ষণিকভাবেই বলে ফেলেন, "আমি ম্যাককেইনকে ভোট দেব।" অবশ্য একটু পরেই তিনি আবার বলেন যে, "আমি হয়ত ভোটই দেব না।" অন্যদিকে, কানসাস রাজ্যে তিন সন্তানের জননী জুডি ট্রেইন বলেন, "হিলারি এবং ওবামার বিষয়ে হিলারির অবস্থান নিয়ে আমি দিন দিন হতাশ হয়ে পড়ছি।" ট্রেইন জানান, হিলারি-ওবামার কাদা ছোঁড়াছুঁিড়তে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার প্রাথমিক উত্তেজনা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে এবং তিনি দলের অবস্থান নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন। তিনি বলেন, "এটা খুবই দু:খজনক। আমি মনে-প্রাণে চাই যে দল ভাল করুক।" কিন্তু "আমি অনেক মানুষকেই বলতে শুনেছি যে, তিনি নিজের পছন্দের জন না জিতলে অপর দলীয় প্রার্থীকে ভোট দেবেন না।" বিভিন্ন রাজ্যের নির্বাচনী লড়াইয়ে জয় এবং ডেলিগেট ও সুপার ডেলিগেটের হিসেবে ওবামা হিলারির চেয়ে এগিয়ে থাকলেও দলীয় সম্মেলনের আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৩ ঘ.