মেক্সিকো, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেক্সিকোর উত্তরাঞ্চলে পৃথক দুটি ঘটনায় বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছে। মেক্সিকোর গণমাধ্যমগুলো রোববার একথা জানিয়েছে।
এল ইউনিভার্সাল সংবাপত্র এক প্রতিবেদনে জানায়, রোববার মেক্সিকোর গুয়েরোরো প্রদেশের পেটাতলান শহরের একটি খামারে এলিট পুলিশ বাহিনীর পোশাক পরা ৪০ জনের মতো লোক বিলাসবহুল গাড়িতে করে এসে খামারিদের ওপর গুলিবর্ষণ করে। এতে ৯ খামারি নিহত হয়।
অন্যদিকে, শনিবার একই প্রদেশের আইগুয়েলা শহরে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একদল লোক ৭ খামারিকে হত্যা করে।
সংবাদপত্র রিফর্মা জানিয়েছে, হামলার সময় খামারিরা আইগুয়েলাতে বৈঠক করছিল। শনিবারের ওই হামলায় গুয়েরোর প্রদেশের খামার এসাসিয়েসনের নেতা রোজাসিয়ানো আলবা এর দুই ছেলে নিহত হয়েছে।
তবে হামলায় কারা জড়িত সে সম্পর্কে সংবাদপত্রটি কিছু জানায়নি। তবে ওই অঞ্চলে সশস্ত্র মাদক চোরাচালানিরা সক্রিয় বলে জানিয়েছে পত্রিকাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২২৯ ঘ.
bdnews24