সান্তা ক্রুজ, বলিভিয়া, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বলিভিয়ার সবচেয়ে সমৃদ্ধ এলাকা সান্তা ক্রুজের অধিকাংশ অধিবাসী রোববার অনুষ্ঠিত গণভোটে স্বায়ত্বশাসনের পক্ষে ভোট দিয়েছেন। বুথফেরত সমীক্ষায় এ খবর জানা গেছে। সোমবার এ নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করার কথা রয়েছে।
ওদিকে রোববারই ভোটগ্রহণ শেষ হওয়ার পর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এ অনানুষ্ঠানিক গণভোটকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, হয় সান্তা ক্রুজের ৫০ শতাংশ লোক এ ভোট বয়কট করেছেন নতুবা স্বায়ত্বশাসনের বিপক্ষে ভোট দিয়েছেন।
অবশ্য একইসঙ্গে দেশটির নয়টি প্রাদেশিক সরকারের সঙ্গে এ ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছেন মোরালেস।
নির্বাচন শেষে এক টেলিভিশন ভাষণে মোরালেস বলেন, "আমি আশা করছি গভর্নররা আমার আহ্বান শুনতে পাচ্ছেন এবং আমরা একত্রে এলাকাগুলোর স্বায়ত্বশাসন নিশ্চিত করতে পারি।"
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অধিক স্বায়ত্বশাসনের ইস্যুতে বলিভিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর পরিকল্পনা অনুসারে রোবরার সান্তা ক্রুজে প্রথমবারের মতো এ গণভোট অনুষ্ঠিত হয়। ওই পরিকল্পনায় আগামী কয়েক মাসের মধ্যে পূর্বাঞ্চলের আরও তিনটি প্রদেশে গণভোট হওয়ার কথা রয়েছে।
বলিভিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো রক্ষণশীল বিরোধী দলের শক্ত ঘাঁটি। সেখানে তাদের পরিকল্পনা অনুসারে রোববার অনুষ্ঠিত এবং আগামীতে অনুষ্ঠেয় এসব গণভোট মোরালেসের সমর্থক এবং বিরোধীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।
জরিপ সংস্থা 'ফোকালিজা'র বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, স্বায়ত্বশাসন প্রস্তাবনার পক্ষে সান্তা ক্রুজের ৮৬ শতাংশ অধিবাসী ভোট দিয়েছেন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ১৪ শতাংশ অধিবাসী।
এমন ফলাফল হতে পারে বলে নির্বাচনের আগেই ধারণা করা হচ্ছিল। কেননা সাবেক কোকা চাষী ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ মিত্র মোরালেসের সমর্থকরা এ গণভোট বয়কটের অঙ্গীকার করেছিলেন।
নির্বাচনে কত শতাংশ লোক ভোটদানে বিরত ছিলেন সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে নির্বাচনে কম ভোট পড়লে তা গণভোটের বৈধতাকে দুর্বল করতে পারে বলে মনে করছে অনেকে।
বুথফেরত ফলাফল ঘোষণার পরপরই সান্তা ক্রুজের রাস্তায় আনন্দ উল্লাসে মেতে ওঠে অধিবাসীরা। নগরীর প্রধান চত্বরে সমবেত হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে মেয়র রুবেন কোস্তাস বলেন, "আজ এক নতুন বলিভিয়ার জন্ম হল।"
নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে হলেও কর্মকর্তারা জানিয়েছেন, সান্তা ক্রুজ নগরীতে মোরালেসের সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। এছাড়া, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপে একজন মারা গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৫২ ঘ.
bdnews24