তেগুচিগালপা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হন্ডুরাসের কারাগারে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো দাঙ্গা হয়েছে। রাজধানী তেগুচিগালপার উত্তরে অবস্থিত জাতীয় কারাগার 'ন্যাশনাল পেনিটেনশিয়ারি'-তে শুক্রবার রাতে এ দাঙ্গা হয়। এতে কমপক্ষে ১৮ বন্দি নিহত হয়েছেন। তবে দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। শনিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র হেক্টর ইভান মেজিয়া রয়টার্সকে বলেন, "ধারালো অস্ত্র ও ছুরির আঘাতে বন্দিদের হত্যা করা হয়। লাশগুলো রক্তে ভেজা ছিল। কয়েকজনকে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়।"
এর আগে গত শনিবার উত্তরাঞ্চলীয় সান পেদ্রো সুলা শহরের আরেকটি কারাগারে দাঙ্গা হয়েছিল। ওই ঘটনায় ৯ কারাবন্দি নিহত হয়েছিল।
উল্লেখ্য, মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের মাত্র ২৫টি কারাগারে প্রায় ১২ হাজার বন্দি রয়েছে। এসব কারাগারের অভ্যন্তরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে মাঝেমধ্যেই বন্দি ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৩২ ঘ.
bdnews24